প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের আওতায় জামালপুর সদর উপজেলার দিগপাইত ও তিতপল্লা ইউনিয়নের জমি অধিগ্রহণের উপযুক্ত মূল্যসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় গ্রামবাসী। সংবাদ সম্মেলনে আসা লোকজন ওই দাবিতে বিক্ষোভও করেছেন।
সুলতান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জোসনা মিয়া বলেন, প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের জন্য দিগপাইত ও তিতপল্লা ইউনিয়নে ৪৮৮ একর জমি অধিগ্রহণ করা হবে। এর মধ্যে সরকারি জমি রয়েছে ৯৩ একর। বাকি জমি ওই দুটি ইউনিয়নের ছয়টি গ্রাম থেকে অধিগ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে জমি অধিগ্রহণে উপযুক্ত মূল্য, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা, অর্থনৈতিক অঞ্চলে যোগ্যতা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারের ছেলে-মেয়েদের চাকরিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন করতে সরকারের কাছে আহ্বান জানানোহয়। বক্তারা কোনো প্রকার হয়রানি ছাড়া এক কিস্তিতে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ বাবদ সর্বোচ্চ দাম পরিশোধ করার দাবি জানানো হয়।