পাঁচ দফা দাবিতে চুয়াডাঙ্গায় কাল থেকে পরিবহন ধর্মঘটের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ পাঁচ দফা দাবিতে কাল বুধবার সকাল ছয়টা থেকে ঢাকাসহ সব কটি পথে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জরুরি সভা শেষে ঐক্য পরিষদের সহসভাপতি এম জেনারেল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন।

ধর্মঘট চলাকালে ঢাকা, খুলনা, বরিশালসহ চুয়াডাঙ্গা থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ পথের বাস-ট্রাক, লরিসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

দাবিগুলো হলো জেলায় যেসব সড়কে বাস চলাচল করে, সেসব সড়কে নিবন্ধন, ট্যাক্স টোকেন, ফিটনেস ও রুট পারমিটবিহীন থ্রি-হুইলার গাড়ি চলাচল বন্ধ করতে হবে। এসব সড়কে আলমসাধু (ভটভটি), নছিমন, করিমন, লাটাহাম্বার, আগলামন ও পাখিভ্যানে যাত্রীবহন বন্ধ করতে হবে। রিকশার বিকল্প হিসেবে ইজিবাইকের চলাচল পৌর এলাকায় সীমাবদ্ধ রাখতে হবে। জেলার বিভিন্ন সড়কে স্থাপিত গতিরোধক ও অবৈধ হাট-বাজার অপসারণ করতে হবে এবং জেলায় শিগগির ট্রাক টার্মিনাল নির্মাণ করতে হবে।

সংগঠনের যুগ্ম সম্পাদক এ কে এম মঈন উদ্দীন বলেন, ১৪ জানুয়ারি সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী উল্লিখিত পাঁচ দফা দাবি স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক ও সেতুমন্ত্রী, জাতীয় সংসদের হুইপ, স্থানীয় সাংসদ, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি, চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও পৌর মেয়রকে লিখিতভাবে জানানো হয়। গতকালের মধ্যে দাবি পূরণের অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেওয়ায় ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।