পাঁচ দফা দাবিতে ছাত্রলীগের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ পাঁচ দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে। গতকাল শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এ স্মারকলিপি দেওয়া হয়।পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে: শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে এফ রহমান হল থেকে অস্ত্র উদ্ধারের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার, সব আবাসিক হলে পুলিশি নিরাপত্তা জোরদার, ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানকে প্রত্যাহার এবং ২০০৯ সালের ১৪ মে শহীদ আবদুর রব হলে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর শিবির ক্যাডারদের হামলার তদন্ত ও দোষীদের শাস্তি প্রদান। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শনিবার দুপুরে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মামুনুল হক, সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী, সহসভাপতি আবুল মনসুর সিকদার, মোস্তফা সাইফুল ইসলাম, রন্টু দাশ, সাইফুদ্দিন খালেদ, ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মামুন প্রমুখ।