
যশোরের ভবদহ এলাকার পানি সরানোসহ পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিয়েছে ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটি। গতকাল রোববার জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।
গতকাল দুপুরে ভবদহপারের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এলাকার পানিবন্দী কয়েক শ মানুষ জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও করে অবিলম্বে পানি সরানোসহ পাঁচ দফা দাবি জানান। পরে জেলা প্রশাসক হুমায়ুন কবীরের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মালেক মোল্লা, আওয়ামী লীগের নেতা সানা আবদুল মান্নান, শাহ মুকিত জিলানী, কামরুল হাসান প্রমুখ।
স্মারকলিপিতে তিন উপজেলার কয়েক লাখ মানুষের স্থায়ী মুক্তির পথ বের করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ভবদহ স্লুইসগেট-সংলগ্ন হরিহর নদ খননের জন্য অবিলম্বে আরও একটি এক্সকাভেটর (খননযন্ত্র) কাজে লাগানো, আমডাঙ্গা খালের স্লুইসগেটের কপাটগুলো ত্রুটিমুক্ত করা, মাঘী পূর্ণিমার আগেই বিল কপালিয়ায় পরিকল্পিত জোয়ারাধার (টিআরএম) চালু, আমডাঙ্গা খাল প্রশস্ত ও গভীরতা সৃষ্টির মাধ্যমে পানি সরানোর ব্যবস্থা করা। এ ছাড়া জলাবদ্ধ এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে ক্ষতিগ্রস্ত মানুষকে সর্বাত্মক সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা এবং পানি নামার পরপরই জলাবদ্ধ এলাকার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, দেড় মাস ধরে যশোরের মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী রয়েছে। গত ৯ ও ২৪ আগস্ট প্রবল বর্ষণে কয়েক শ গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বাড়িঘর, মাছের ঘের, কৃষিজমি, স্কুল, কলেজ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান পানিবন্দী হয়ে পড়েছে। গবাদিপশু নিয়ে মানুষ রাস্তার পাশে দিনযাপন করছেন। গত ঈদুল আজহার নামাজ পড়তে হয়েছে রাস্তায়। আসন্ন দুর্গাপূজা করার জায়গা নেই।
গত ২৪ আগস্ট একটি এক্সকাভেটর দিয়ে ভবদহ স্লুইসগেট-সংলগ্ন হরিহর নদের পলি অপসারণের কাজ শুরু হয়েছে। এ ছাড়া খুলনা-ঢাকা মহাসড়কের আমডাঙ্গা স্লুইসগেট দিয়ে স্বল্প পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে। ১১ সেপ্টেম্বর ভবদহ কলেজে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের সভাপতিত্বে যশোর-৪ আসনের সাংসদ রণজিৎ কুমার রায়, যশোর-৫ আসনের সাংসদ স্বপন ভট্টাচার্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি সভা হয়। সেখানে ভবদহ এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য বিল কপালিয়ায় টিআরএম চালু এবং আমডাঙ্গা খাল প্রশস্তকরণের মাধ্যমে পানি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।