পাঁচ দফা দাবিতে ফারিয়ার মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেতন বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে গতকাল রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের সংগঠন ফারিয়া l প্রথম আলো
বেতন বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে গতকাল রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের সংগঠন ফারিয়া l প্রথম আলো

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস মেডিকেল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর সদস্যরা বেতন বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন।
নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর : ফারিয়ার ফরিদপুর শাখার সদস্যরা নতুন বেতন স্কেল, সপ্তম গ্রেডের সমপরিমাণ বেতন নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে বক্তব্য দেন ফারিয়ার ফরিদপুর জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, রইসউদ্দিন, নিলুফার ইয়াসমিন প্রমুখ। বক্তারা বলেন, তাঁদের কোনো সাপ্তাহিক ছুটি নেই। নেই চাকরির নিশ্চয়তা। বর্তমানে দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে তাতে পরিবার-পরিজন নিয়ে জীবন চালানো দুরূহ হয়ে পড়েছে।
বেতন বৃদ্ধি ছাড়া তাঁদের অন্য দাবিগুলো হচ্ছে—বাজার বিবেচনা করে টিএ/ডিএ দেওয়া, চাকরির নিশ্চয়তা, রিপ্রেজেনটেটিভদের সংগঠনের সরকারি নিবন্ধন ও স্বীকৃতি এবং সাপ্তাহিক ছুটি ও অন্য সব সরকারি ছুটি প্রদান।
মানববন্ধন শেষে সংগঠনের সদস্যরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলীর কাছে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর বরাবর দুটি স্মারকলিপি দেন।
ভোলা: পর্যাপ্ত বেতনের দাবিতে ভোলায় ফারিয়ার সদস্যরা গতকাল দুপুরে ভোলা সদর রোডে মানববন্ধন করেছেন। জেলা শাখার সভাপতি মো. বেলাল হোসেন এ সময় বলেন, সারা দেশে ওষুধ কোম্পানির প্রায় সোয়া তিন লাখ বিক্রয় প্রতিনিধি রয়েছেন। কিন্তু তাঁদের যে বেতন-ভাতা দেওয়া হচ্ছে তা পর্যাপ্ত নয়। দাবি না মানলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

মঠবাড়িয়া : ফারিয়ার উপজেলা কমিটির উদ্যোগে শহরের তুষখালী সড়কে গতকাল সকালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় উপজেলা কমিটির সভাপতি জসিম উদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ফেরদৌস মৃধা, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মৃণাল কান্তি প্রমুখ। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।

সাতক্ষীরা : কলারোয়া উপজেলায় ওষুধ কোম্পানির কর্মরত বিক্রয় প্রতিনিধিরা গতকাল উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আবদুল আলীম, কলারোয়া ওষুধ ব্যবসায়ী সমিতির (কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট) সভাপতি সামছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

রাজবাড়ী : রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেন সংগঠনের জেলা সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন ফারিয়ার জেলা সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক কাজী আসিফ আলম প্রমুখ।