পাঁচ দফা দাবিতে বিড়িশ্রমিকদের অনশনের ডাক
বাজেটে বিড়ির ওপর প্রস্তাবিত শুল্কের হার কমানোসহ পাঁচ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচির ডাক দিয়েছেন বিড়িশ্রমিকেরা। গতকাল রোববার বরিশাল নগরের সোহেল চত্বরে পাঁচ শতাধিক শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেন। বাংলাদেশ বিড়িশ্রমিক ফেডারেশন বরিশাল শাখা এ কর্মসূচির আয়োজন করে।
গতকাল সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলাকালে বাংলাদেশ বিড়িশ্রমিক ফেডারেশনের বরিশাল শাখার সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হাকিম, বরিশাল কারিকর বিড়িশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল হালিম হাওলাদার, সাবেক সভাপতি আবদুল জলিল জমাদ্দার, সাধারণ সম্পাদক আবদুর রশিদ হাওলাদার প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, বিড়িশিল্পে কাজ করে দেশের হাজার হাজার গরিব মানুষ জীবিকা নির্বাহ করছেন। চলতি বাজেটে হাতে তৈরি বিড়ির ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সে অনুযায়ী সিগারেটের ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়নি। এতে বিড়ি ও সিগারেটের দাম এক হয়ে গেছে। এ কারণে ধূমপায়ীরা বিড়ি ছেড়ে সিগারেট কিনছে। এতে বিড়ি তৈরির কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকেরা বেকার হয়ে পড়বেন। এ অবস্থায় হতদরিদ্র নারী ও অসহায় প্রতিবন্ধী শ্রমিকদের কর্মসংস্থানের স্বার্থে বিড়ির ওপর সব ধরনের শুল্ক প্রত্যাহার, ১০টি সিগারেটের মূল্য কমপক্ষে ৫০ টাকা নির্ধারণ, বিড়িশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন এবং প্রতি হাজার বিড়ি তৈরির জন্য মজুরি ৫২ টাকা ঘোষণা করে কারখানা আইন বাস্তবায়ন করতে হবে।