সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শ শিক্ষার্থী ‘জুলুম ও নির্যাতনবিরোধী ছাত্রসমাজ’ ব্যানারে পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করেছে।কর্মসূচি পালনকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছে। দাবিগুলো হলো: শর্ট সেমিস্টার চালু, ভেটেরিনারি সায়েন্স অনুষদের ১৫তম ব্যাচের দ্বিতীয় লেভেলের ফলাফল পুনর্মূল্যায়ন, তিন শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার, ৩৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ছাত্ররাজনীতি পুনরায় চালু করা।মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আফরাদুল ইসলাম, আবদুল্লাহ-আল মামুন, ঋত্বিক দেব, মাহফুজুল হক, চন্দন, ধ্রুব জ্যোতি, শামীম মোল্লা, বহিষ্কৃত শিক্ষার্থী ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসাইন প্রমুখ।মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন মিথ্যা অভিযোগে নিরীহ শিক্ষার্থীদের বহিষ্কার করেছে এবং ঘটনার সময় উপস্থিত ছিলেন না—এমন শিক্ষার্থীদের ওপর নিজেদের আক্রোশ মেটানোর উদ্দেশে মামলা দায়ের করেছে। এটা অন্যায়। আমরা এসব বহিষ্কার আদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ শিগগিরই শর্ট সেমিস্টার চালুর দাবি জানাচ্ছি।’উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের ১৫তম ব্যাচের দ্বিতীয় লেভেলের ফলাফল ঘোষণা করা হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কিছুসংখ্যক নেতা-কর্মীসহ নয়জন শিক্ষার্থী অকৃতকার্য হন। পরবর্তী শিক্ষাবর্ষে উত্তীর্ণ হতে না পেরে ওই শিক্ষার্থীদের নেতৃত্বে একদল শিক্ষার্থী ওই রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটান। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ২২ জানুয়ারি ৩৬ শিক্ষার্থীকে আসামি করে থানায় মামলা দায়েরের পাশাপাশি ২৩ জানুয়ারি ক্যাম্পাসে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধসহ তিন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। প্রশাসনের নেওয়া এ সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘট ও ক্যাম্পাসের বাইরে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছে।