পাঁচ দফা দাবিতে মাৎস্যবিজ্ঞানের শিক্ষার্থীদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি দাবি হচ্ছে: প্রথম শ্রেণীর উপজেলা মৎস্য কর্মকর্তার (ইউএফও) পদে দ্বিতীয় শ্রেণীর নন-টেকনিক্যাল এইচএসসি পাস উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তাদের (এএফও) পদোন্নতির প্রক্রিয়া বাতিল ও বিসিএস (মৎস্য) ক্যাডারের উপজেলা মৎস্য কর্মকর্তা পদে শুধু মাৎস্যবিজ্ঞান স্নাতকদের নিয়োগদান। প্রত্যক্ষদর্শীরা জানান, বিসিএস (মৎস্য) ক্যাডারের উপজেলা মৎস্য কর্মকর্তা পদে ১৯৮১ সালের নিয়োগবিধি বহাল রেখে শুধু মাৎস্যবিজ্ঞান গ্র্যাজুয়েটদের নিয়োগদান, দ্বিতীয় শ্রেণীর নন-টেকনিক্যাল এইচএসসি পাস উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তাদের (এএফও) ক্যাডার পদে এক-তৃতীয়াংশ অবৈধ পদোন্নতির প্রক্রিয়া বাতিল, প্রতিটি উপজেলায় দুটি উপজেলা মৎস্য কর্মকর্তার পদ সৃষ্টি, ২৮তম বিসিএসে ৭১টি পদেই মৎস্য গ্র্যাজুয়েটদের নিয়োগ প্রদান এবং মাৎস্যবিজ্ঞান শিক্ষার্থীদের জন্য অবিলম্বে ইন্টার্নশিপ প্রোগাম চালুর দাবিতে গতকাল মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বেলা ১১টায় অনুষদ ভবন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের আমতলায় সমাবেশ করেন শিক্ষার্থীরা। এতে বক্তব্য দেন মাৎস্যবিজ্ঞান অনুষদ ছাত্র সমিতির সহসভাপতি (ভিপি) তুষার মজুমদার, সাধারণ সম্পাদক (জিএস) পার্থ সারথী দাস, শিক্ষার্থী সাজেদ, পরাগ, সাইফুল, মুহিব, সমীর, তৃষ্ণা, ইব্রাহিম, তাওহিদ, পাপ্পু, মোরশেদ প্রমুখ।মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের ভাষ্য, ২০০৭ সালের আগস্টে বিভিন্ন মহলের যোগসাজশে ৪৬৯ জন তৃতীয় শ্রেণীর কর্মচারীকে (এইচএসসি পাস) দ্বিতীয় শ্রেণীর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা (এএফও) পদে পদোন্নতি দেওয়া হয়। বর্তমানে তাঁদের মধ্য থেকে প্রথম শ্রেণীর বিসিএস (মৎস্য) ক্যাডারের উপজেলা মৎস্য কর্মকর্তার এক-তৃতীয়াংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণের অপচেষ্টা চলছে এবং ২৮তম বিসিএস থেকেই তা কার্যকর করার জন্য পাঁয়তারা চলছে।