পাঁচ দফা দাবিতে যশোরে ওয়ার্কার্স পার্টির স্মারকলিপি
সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জানিয়ে পাঁচ দফা দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি যশোর জেলা কমিটি গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে।
দাবিগুলোর মধ্যে রয়েছে যশোরের অভয়নগর উপজেলার চাঁপাতলার বিপন্ন হিন্দু পরিবারের পুনর্বাসন, হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করা, নিরাপত্তার জন্য চাঁপাতলায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন এবং মানবতার স্বার্থে অভয়নগর, কেশবপুর, চৌগাছা ও মনিরামপুর এলাকার জামায়াত-শিবির চক্রকে প্রতিহত করা। স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য জাকির হোসেন, জিল্লুর রহমান প্রমুখ।
এদিকে বিকেল চারটায় যশোর কালেক্টরেটের সভাকক্ষে জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান ও পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পুলিশ সুপার ঘোষণা দেন, যশোরে কর্মরত পুলিশ সদস্যদের এক দিনের বেতন অন্তত তিন লাখ টাকা অভয়নগরের সংখ্যালঘুদের পুনর্বাসনের জন্য ব্যয় করা হবে।