পাঁচ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত ৭ পাটকলে শ্রমিক সমাবেশ
পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি পরিশোধ, ২০ শতাংশ মহার্ঘ ভাতাসহ পাঁচ দফা দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকলের শ্রমিকেরা গতকাল সোমবার বিক্ষোভ সমাবেশ করেছেন।
রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ দাবি আদায়ে ২১ ফেব্রুয়ারি খুলনা জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটে এক সভায় তিন দিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়। গতকাল ছিল ওই কর্মসূচির প্রথম দিন।
সকাল সাড়ে নয়টা থেকে পাটকলগুলোর প্রধান ফটকে ঘণ্টাব্যাপী সমাবেশ করেন শ্রমিকেরা। তাঁরা অবিলম্বে দাবি বাস্তবায়নের জন্য বিজেএমসি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
আন্দোলনরত পাটকলগুলো হচ্ছে খালিশপুরের ক্রিসেন্ট, প্লাটিনাম, দীঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকার আলীম, ইস্টার্ন এবং নওয়াপাড়া শিল্প এলাকার জেজেআই ও কার্পেটিং জুট মিল।
দাবি আদায়ে কাল বুধবার কারখানাগুলোতে প্রতি পালায় মিছিল করা হবে। ২৭ ফেব্রুয়ারি খালিশপুর বিআইডিসি রোডে ক্রিসেন্ট জুট মিলসের সামনে হবে শ্রমিক সভা।
ঐক্য পরিষদের অন্য দুটি দাবি হচ্ছে বদলি শ্রমিকদের স্থায়ীকরণ ও যথাযথ মজুরি নির্ধারণে পে-কমিশনের মতো মজুরি কমিশন গঠন।