পাঁচ দফা দাবিতে শিক্ষকদের বিক্ষোভ
চাকরি জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে নোয়াখালীতে গতকাল রোববার বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষকেরা।
সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা শহরের টাউনহল মোড়ে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে এসব কর্মসূচি পালিত হয়।
শিক্ষক সমিতির পাঁচ দফা দাবিগুলো হলো: ১. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অবিলম্বে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের ৩০ ভাগ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। ২. স্বয়ংক্রিয়ভাবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেল অন্তর্ভুক্ত করতে হবে। ৩. বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকরির বয়স ৬৫ বছরে উন্নীত করতে হবে। ৪. সরকারি-বেসরকারি বৈষম্য দূর করার লক্ষ্যে সরকারি শিক্ষক-কর্মচারীদের সমপরিমাণ বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়িভাড়া, উৎসব ভাতা, মেডিকেল ভাতা প্রদান করতে হবে। ৫. বেসরকারি শিক্ষপ্রতিষ্ঠানে কর্মরত লাইব্রেরিয়ানদের অবিলম্বে এমপিওভুক্ত করতে হবে; শিক্ষা আইনে শিক্ষকদের শাস্তিদানের বিধান বাতিল করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা ভারপ্রাপ্ত সভাপতি ভক্তি রঞ্জন ঘোষ।