পাঁচ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি প্রদানসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীতে গতকাল বৃহস্পতিবার ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেছেন এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি স্কুল-কলেজের শিক্ষকেরা।
শহরের চৌরঙ্গী মোড়ে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে তাঁরা প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন।
অনুষ্ঠানে বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ সারোয়ার মানিক সভাপতিত্ব করেন। বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক চওড়া বড়গাছা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম, উপাধ্যক্ষ শাহজাহান সরকার, কুন্দপুকুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকারাম রায়, চাঁদের হাট ডিগ্রি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, কালীতলা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সুধীর রায়, মশিউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক মৃণাল কান্তি রায়, পরিতোষ রায়, রামগঞ্জ কারিগরি উচ্চবিদ্যালয়ের শিক্ষক লীনা দে, পঞ্চপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন প্রমুখ।
বক্তারা মূল বেতনের ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সরকারি শিক্ষকদের সমপরিমাণ বৈশাখী ভাতা, সম্মানজনক হারে বাড়ি ভাড়া ও সরকারিদের সমপরিমাণ চিকিৎসা ভাতার দাবি জানান।