পাঁচ দফা দাবিতে হরিজনদের মিছিল
কর্মক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিসহ পাঁচ দফা দাবিতে গতকাল বুধবার মানিকগঞ্জে মিছিল ও মানববন্ধন করেছেন হরিজন-দলিত সম্প্রদায়ের লোকজন। এসব দাবি আদায়ে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিও দেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গতকাল দুপুর ১২টার দিকে একটি মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। মিছিলে নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি রিপন জমাদার, সহসভাপতি শম্ভু জমাদার ও কীর্তন জমাদার, সাধারণ সম্পাদক মুকেশ জমাদার, মহিলাবিষয়ক সম্পাদক পুতুল জমাদারনী ও মহিলাবিষয়ক সহসম্পাদক জোসনা জমাদারনী। বক্তারা বলেন, তাঁদের পাঁচ দফা দাবির দুই দফা প্রধানমন্ত্রী মেনে নিয়ে কার্যকর করার নির্দেশ দিয়েছেন। এ-সংক্রান্ত বিষয়ে প্রজ্ঞাপন জারি ও পরিপত্র ইস্যু করার পরও বাস্তবায়িত হচ্ছে না। বক্তারা হরিজন কলোনি উচ্ছেদ বন্ধ করে খাসজমিতে সব নাগরিক সুবিধাসহ বাসস্থান নির্মাণের দাবি জানান।