পাঁচ দলের কর্মসূচিতে তিন দল অনুপস্থিত!

এক দিন আগে বিকল্পধারা বাংলাদেশ সংবাদমাধ্যমগুলোয় ফ্যাক্স করে জানিয়েছিল, ‘বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে’ পাঁচ দল যৌথ প্রস্তাব ঘোষণা করবে। কিন্তু গতকাল বুধবার প্রস্তাব ঘোষণা করল বিকল্পধারা একাই। দলটি বলেছে, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রস্তাব তারা নীতিগতভাবে সমর্থন করে।
রাজধানীর সোনারগাঁ হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী অবশ্য বলেছেন, ড. কামাল হোসেন দেশে নেই বলে যৌথ ঘোষণা করা সম্ভব হয়নি।
অনুষ্ঠানে বিকল্পধারা, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, জেএসডি এবং নাগরিক ঐক্যের যৌথ প্রস্তাব ঘোষণার কথা ছিল।
অনুষ্ঠান শেষে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রথম আলো ডট কমকে মুঠোফোনে বলেন, ড. কামাল হোসেন দেশে নেই বলে তিনি যাননি, বিষয়টি এমন নয়। আলোচনা না করেই তাঁর নাম দাওয়াতপত্রে উল্লেখ করা হয়েছে।
মাহমুদুর রহমান বলেন, ‘পরে অবশ্য বিকল্পধারা বাংলাদেশ আমার সঙ্গেও যোগাযোগ করে। কিন্তু যৌথ ঘোষণার খসড়া আমি দেখিনি। ’
অন্যদিকে সংবাদ সম্মেলনে উপস্থিত কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, এপ্রিলের আগে শেখ হাসিনা নির্বাচন দেবেন না। তাঁর মতে, সরকার যেমন রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ, বিরোধী দল সাধারণ মানুষের জানমালের পাহারা দিতে হাজারবার ব্যর্থ।
বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার প্রস্তাবে সংলাপের দ্বার উন্মুক্ত হয়েছে। খালেদা জিয়ার প্রস্তাবটি সম্পূর্ণ নয়, তবে এটি সম্পূর্ণ করা সম্ভব। তিনি বলেছেন, সাবেক উপদেষ্টারা রাজি না হলে কী হবে বা প্রধান কে হবেন, এর কোনো সমাধান নেই খালেদা জিয়ার প্রস্তাবে। এ ক্ষেত্রে ১৪ ও ১৮ দলের বাইরে থাকা দলগুলোকে নাম প্রস্তাবের ক্ষমতা দিতে হবে। আর নির্বাচনকালীন সরকারের প্রধানকে নির্বাচন করবেন ১০ জন উপদেষ্টা।