পাঁচ দলের কর্মসূচিতে তিন দলই গরহাজির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন আগে বিকল্পধারা বাংলাদেশ সংবাদমাধ্যমগুলোয় ফ্যাক্স করে জানিয়েছিল, ‘বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে’ পাঁচ দল যৌথ প্রস্তাব ঘোষণা করবে। কিন্তু আজ বুধবার প্রস্তাব ঘোষণা করল বিকল্পধারা একাই। দলটি বলেছে, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রস্তাব তারা নীতিগতভাবে সমর্থন করে। 

এর আগে ২২ অক্টোবর বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম একটি ফ্যাক্সযোগে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানান। বলা হয়েছিল, ‘বিকল্পধারা বাংলাদেশ; গণফোরাম; কৃষক, শ্রমিক,জনতা লীগ; জেএসডি এবং নাগরিক ঐক্য যৌথ প্রস্তাবনা ঘোষণা করবে।’

সংবাদ সম্মেলনে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী অবশ্য বলেছেন, তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন দেশে নেই বলে যৌথ ঘোষণা করা সম্ভব হয়নি। অনুষ্ঠান শেষে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রথম আলো ডট কমকে মুঠোফোনে বলেন, ড. কামাল হোসেন দেশে নেই বলে তিনি যাননি, বিষয়টি এমন নয়। তাঁর সঙ্গে আলোচনা না করেই তাঁর নাম দাওয়াতপত্রে উল্লেখ করা হয়েছে। পরে অবশ্য বিকল্পধারা বাংলাদেশ তাঁর সঙ্গে যোগাযোগ করে। কিন্তু যৌথ ঘোষণার খসড়াও তিনি দেখেননি। বিরোধীদলীয় নেতার প্রস্তাবের বিষয়ে কোনো আলোচনাও হয়নি।

অন্যদিকে সংবাদ সম্মেলনে উপস্থিত কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, বিরোধীদলীয় নেতার প্রস্তাব অসম্পূর্ণ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বলেছেন, শেখ হাসিনা দক্ষভাবে, করুণ সুরে যে দিকনির্দেশনা দিয়েছেন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে, তাতে নতুন কিছু নেই। তিনি বহুদিন ধরে এ কথাই বলে আসছেন। কাদের সিদ্দিকী বলেছেন, এপ্রিলের আগে শেখ হাসিনা নির্বাচন দেবেন না। তিনি আরও বলেন, সরকার যেমন রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ, বিরোধী দল সাধারণ মানুষের জানমালের পাহারা দিতে হাজারবার ব্যর্থ। 

‘সংকট উত্তরণে’ বিকল্প ধারার প্রস্তাব: বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা যে প্রস্তাব দুটি দিয়েছেন সেগুলো বিপরীতমুখী। তবে এতে আলোচনা ও সংলাপের দ্বার উন্মুক্ত হয়েছে। 

খালেদা জিয়ার প্রস্তাবটি সম্পূর্ণ নয়, তবে এটি সম্পূর্ণ করা সম্ভব। তাঁরা আরও বলছেন, নির্বাচনকালীন সরকারপদ্ধতি নিয়ে একটি স্থায়ী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। 

বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দলটি বলছে সাবেক উপদেষ্টারা রাজি না হলে কী হবে, বা প্রধান কে হবেন, তার কোনো সমাধান নেই খালেদা জিয়ার প্রস্তাবে। এ ক্ষেত্রে ১৪ ও ১৮ দলের বাইরে থাকা দলগুলোকে নাম প্রস্তাবের ক্ষমতা দিতে হবে। আর নির্বাচনকালীন সরকারের প্রধানকে নির্বাচন করবেন ১০ জন উপদেষ্টা।

বিরোধী দলবিহীন নির্বাচনে বিকল্পধারা বাংলাদেশ অংশ নেবে কি না, এমন প্রশ্নের জবাব তিনি সুস্পষ্টভাবে দেননি। তিনি বলেছেন, তাঁর দল আশা করে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হবে।