পাঁচ দালালের জেল-জরিমানা
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পাবনা কার্যালয়ে গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছেন।
আদালত দালালির দায়ে তাঁদের প্রত্যেককে চার মাস করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাঁদের আরও দুই মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আবুল হোসেন (২৯), সমির আহম্মেদ (২৫), রতন ইসলাম (২৬), শরিফুল ইসলাম (২৩), সুইট হোসেন (২৬) ও জনি হোসেন (২৭)। তাঁদের সবার বাড়ি শহরের কাচারিপাড়া মহল্লায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন। এ সময় জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার, আজগর হোসেন ও পিংকি সাহা এবং অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম উপস্থিত ছিলেন।
সালমা খাতুন বলেন, কিছুদিন ধরে বিআরটিএ পাবনা কার্যালয়ে দালালদের তৎপরতা বেড়ে যায়। তাঁরা কার্যালয়ের বাইরে মোটরযান রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স করতে আসা লোকজনকে বিভিন্নভাবে হয়রানি করেন। তাঁরা অতিরিক্ত অর্থ আদায়ের জন্য গ্রাহকের কাগজপত্র জিম্মি করতেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে দালাল চক্রের পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের প্রত্যেককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।