পাঁচ দিন ধরে অক্সিজেন সংকট, সেবা ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্সিজেন-সংকট দেখা দেওয়ায় পাঁচ দিন ধরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় রোগীরা হাসপাতাল ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে।
হাসপাতালের চিকিৎসক সূত্রে জানা গেছে, ৩ অক্টোবর হঠাৎ করেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর থেকে গতকাল (৭ অক্টোবর) পর্যন্ত ওই হাসপাতালে বড় কোনো অস্ত্রোপচার হয়নি। অক্সিজেন না থাকায় সার্জারি, গাইনি ও অর্থোপেডিকস বিভাগে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এ কারণে জরুরি চিকিৎসা নিতে আসা শত শত রোগীকে ফিরে যেতে হয়েছে। অনেকে অস্ত্রোপচারের অপেক্ষায় হাসপাতালের শয্যায় দিন গুনছে।
শিশু ও গাইনি ওয়ার্ডে রোগী নিয়ে আসা অন্তত তিন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, রোগীর শ্বাসকষ্ট কিন্তু অক্সিজেন নেই। বাধ্য হয়ে স্বজনকে শহরের বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন। সরকারি হাসপাতালের এমন অবস্থা আগে কখনো দেখেননি।
হাসপাতালের একজন নার্স নাম প্রকাশ না করে বলেন, ‘আমার মেয়ের অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারের জন্য অক্সিজেন পাওয়া যায়নি।’
কুমিল্লা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক এ বি এম খুরশীদ আলম বলেন, অক্সিজেনের অভাবে কোনো অস্ত্রোপচার করা যাচ্ছে না।
এনেসথেশিয়া বিভাগের একজন চিকিৎসক জানান, সরবরাহ করা অক্সিজেনে ভেজাল থাকায় এ অবস্থা হয়েছে। রোগীদের অক্সিজেন দেওয়া হলেও সেটি কাজ করছে না। সিলিন্ডার কিংবা বোতলে অক্সিজেন ঢোকানোর সময় হয়তো অন্য কোনো গ্যাসের উপাদান ঢুকে পড়েছে। যে কারণে ওই অক্সিজেন কার্যকারিতা হারিয়েছে। এক বছরে বহুবার এ ধরনের ঘটনা ঘটেছে।
কুমিল্লা জেলা সিভিল সার্জন মো. মুজিবুর রহমান বলেন, ‘কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন না থাকায় আমি তিনটি সিলিন্ডার অক্সিজেন গতকাল বুধবার ধার দিয়েছি। ওরা আরও চেয়েছিল।’
জানতে চাইলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আলমগীর আহমেদ গতকাল বিকেলে মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, ৩ অক্টোবর থেকে অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটে। অক্সিজেনগুলোর মধ্যে ভেজাল থাকায় এ অবস্থা হয়েছে। মাঝেমধ্যে এ ধরনের ঘটনা ঘটে। লোকজন এনে এগুলো ঠিক করা হচ্ছে। আশা করা যাচ্ছে, আগামীকাল (আজ বৃহস্পতিবার) সব ঠিক হয়ে যাবে।