পাঁচ দিন ধরে চিকিৎসক নেই, রোগীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিন ধরে বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নেই। এই হাসপাতালের তিনজন চিকিৎসকের মধ্যে দুজন গত শুক্রবার প্রশাসনিক অনুমতি ছাড়া ঢাকায় দুই মাসের প্রশিক্ষণে যান। বাকি একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় হাসপাতালে সময় দিতে পারছেন না। এ কারণে ৫০ শয্যার এই হাসপাতালে চিকিৎসা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা রুস্তুম আলী গতকাল রোববার প্রথম আলোকে জানান, হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা লুৎফর রহমান ও বাইজিতুর রহমান গত শুক্রবার কোনো অনুমতি ছাড়া দুই মাসের বুনিয়াদি প্রশিক্ষণে ঢাকায় যান। আর তিনি প্রশাসনিক কাজ করে হাসপাতালে সময় দিতে পারেন না। এ কারণে হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে গত রোববার সকালে উপজেলার বিবিচিনি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকে কর্মরত উপচিকিৎসা কর্মকর্তা (প্যারামেডিক) সাগর কুমার দত্তকে এই হাসপাতালে এনে কোনো রকমে চিকিৎসা কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও কথা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই হাসপাতালে ২০ জন, সাতটি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে সাতজনসহ উপজেলায় ২৭ জন সরকারি চিকিৎসকের পদ রয়েছে। এর মধ্যে এ হাসপাতালে উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তাসহ তিনজন চিকিৎসক আছেন। বাকি সাতটি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে কোনো চিকিৎসক নেই। শুক্রবার থেকে পুরো উপজেলায় মাত্র একজন সরকারি চিকিৎসক রয়েছেন।
এ ছাড়া হাসপাতালের এক্স-রে ও ইসিজি যন্ত্র দুটি চার বছর ধরে বিকল থাকায় রোগীদের সামান্য পরীক্ষা-নিরীক্ষার জন্য জেলা সদর বরগুনা অথবা বিভাগীয় শহর বরিশালে যেতে হয়।
গত রোববার সরেজমিনে দেখা যায়, হাসপাতালের বহির্বিভাগে ১৫০ থেকে ১৬০ জন রোগী চিকিৎসা নিতে এসেছেন। এ ছাড়া হাসপাতালে ভর্তি আছে ২৬ জন। চিকিৎসক না থাকায় ভর্তি থাকা রোগীরা চিকিৎসাসেবা পাচ্ছে না। আবদুল হাকিম (৬৫) নামের এক রোগী বলেন, ‘তিন দিন ধইর‌্যা ডাক্তারের মুখ দেহি না। খালি খালি হাসপাতালে শুইয়্যা রইছি।’
বহির্বিভাগেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অনেকে বাড়ি ফিরে যাচ্ছে বলে ভুক্তভোগীরা জানান। প্রেষণে আনা একজন কমিউনিটি চিকিৎসক (প্যারামেডিক) সামান্য চিকিৎসাসেবা চালালেও তিনি এত রোগীর ভিড় সামলাতে পারছেন না।
চিকিৎসা নিতে আসা মোকামিয়া ইউনিয়নের করুণা গ্রামের সোলায়মান ফকির বলেন, ‘সকালে ৪০ টাকা গাড়ি ভাড়া দিয়া মাইয়্যার অসুখ দেহাইতে হাসপাতালে আইছি। কিন্তু কোনো ডাক্তার না পাইয়্যা এখন বাড়ি যাই। সরকার এতগুলা টাকা খরচ কইর‌্যা বিল্ডিং বানাইছে, কিন্তু ডাক্তার দেয় নায়, এইটা কেমন হাসপাতাল, বুঝি না।’
গতকাল এ রকম অনেক রোগীকেই চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরে যেতে দেখা গেছে। যোগাযোগ করা হলে সিভিল সার্জন এ এইচ এম জহিরুল ইসলাম বলেন, ‘বর্তমানে বরগুনা জেলায় চিকিৎসক-সংকট চরম আকার ধারণ করেছে। এ কারণে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমরা প্রতি মাসেই এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাচ্ছি। কিন্তু কোনো ফল পাচ্ছি না।’