বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের ভোলা-বরিশাল নৌপথের ভেদুরিয়া-লাহারহাট ফেরিঘাটে দুটি ডিজিটাল ফেরির একটি পাঁচ দিন ধরে বিকল হয়ে পড়ে থাকায় শতাধিক যান আটকে আছে।গত মঙ্গলবার দুপুর ১২টায় সরেজমিন দেখা গেছে, ভোলা-বরিশাল নৌপথের ভেদুরিয়া ফেরিঘাটে অর্ধশতাধিক যানবাহন আটকে আছে। এসব যানবাহন চট্টগ্রাম, ভোলা, লক্ষ্মীপুর, ফেনী ও কুমিল্লা থেকে এসেছে। ট্রাক ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি রয়েছে। ট্রাকচালক আবদুর রহিম, মুরাদ, সোলায়মান, নজরুল ইসলাম, পারভেজ, আবদুল বারেকসহ কয়েকজন চালকের ভাষ্যমতে, ভোলার ভেদুরিয়া এবং বরিশালের লাহারহাট ফেরিঘাটে ২০ জুলাই থেকে অপরাজিতা নামের একটি ফেরি চলছে। দোলনচাঁপা নামের অন্য ফেরিটি বিকল হয়ে ডকইয়ার্ডে পড়ে আছে। এ ছাড়া তেঁতুলিয়া-কালাবদর নৌপথে ডুবো চর থাকায় একটি ফেরি প্রতিবার মাত্র চার-পাঁচটি গাড়ি পার করতে পারে। এ জন্য দূরপাল্লার যাত্রীবাহী বাস, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও গবাদি পশুবোঝাই ট্রাকসহ শতাধিক যান দিনের পর দিন আটকে আছে।ট্রাকচালক রহমত হাওলাদার বলেন, ‘শুনেছি, ফেরি দুটি ডিজিটাল। কিন্তু ফেরির স্টাফ যাঁরা আছেন, তাঁরা ঠিকমতো ফেরি চালাতে পারেন না। এ কারণে কয়েক দিন পরপরই ফেরি দুটি বিকল হচ্ছে।’নাম প্রকাশ না করার শর্তে বিআইডব্লিউটিসির একজন কর্মকর্তা বলেন, বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে বর্তমানে ১৬টি জেলার যান চলাচল করে। এ কারণে ভোলা-বরিশাল নৌপথ একটি ব্যস্ততম নৌপথে পরিণত হয়েছে। অনেক তদবিরের পর এ ঘাটে দুটি নতুন ডিজিটাল ফেরি দেওয়া হয়েছে। একটির নাম দোলনচাঁপা, অন্যটি অপরাজিতা। কিন্তু ফেরি চালানোর মতো দক্ষ টেকনিশিয়ান, চালক ও মাস্টার দেওয়া হয়নি। এ কারণে বছর না যেতেই ফেরি দুটি বারবার বিকল হচ্ছে। এখনো সঠিকভাবে পরিচালনার অভাবে কিছুদিন পরপর ফেরি বিকল হয়ে বসে থাকছে।ভোলা-বরিশাল ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক কাওসার আহমেদ বলেন, ২০ জুলাই দোলনচাঁপা ফেরিটি বিকল হয়। আশা করা হচ্ছে, দুই-তিন দিনের মধ্যে এটি আবার চালু হবে। ঈদ সামনে রেখে এটি সম্পূর্ণভাবে সংস্কার করা হচ্ছে।দোলনচাঁপার মাস্টার আবদুল জলিল বলেন, ‘নতুন ডিজিটাল ফেরির অনেক টেনিক্যাল বিষয় আমরা বুঝি না। এ ব্যাপারে আমাদের প্রশিক্ষণ দরকার।’