পাঁচ দিন ধরে বিদ্যালয়ে তালা
রংপুরের বদরগঞ্জ উপজেলার কাঁচাবাড়ি উচ্চবিদ্যালয়ে শ্রেণী ও অফিস কক্ষে তালা ঝুলছেই। পাঁচ দিন ধরে এই তালা ঝুললেও এখন পর্যন্ত তা খোলার ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা গতকাল রোববারও বিদ্যালয়ের মাঠে বিক্ষোভ করেছে। এডহক কমিটি বাতিল, প্রধান শিক্ষকের পদত্যাগ, সীমানাপ্রাচীর নির্মাণসহ বিদ্যালয়ের উন্নয়নের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ১৬ মার্চ বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।গতকাল সকাল সাড়ে ১০টায় সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা ওই সব দাবিতে মিছিল করছে। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন অভিভাবক ও এলাকার সাধারণ মানুষ।অভিভাবক শাহাবুল ইসলাম বলেন, রাতের আঁধারে বিদ্যালয় পরিচালনার জন্য এডহক কমিটি গঠন করা হয়েছে। শিক্ষকেরা খেয়াল-খুশিমতো বিদ্যালয়ে আসেন। বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নেই। এ কারণে গত জেএসসি পরীক্ষায় বিদ্যালয় থেকে ৩৫ জন পরীক্ষা দিয়ে ১৮ জনই ফেল করেছে।নবম শ্রেণীর ছাত্র মাহাবুল ইসলাম বলে, ‘আমরা বিদ্যালয়ে রাজনীতি চাই না। আমরা ভালো শিক্ষা চাই। এটা আমাদের অধিকার। কিন্তু এখানে কোনো শিক্ষা নেই। ইচ্ছেমতো শিক্ষকেরা স্কুলে আসেন, যান। বাধ্য হয়ে অধিকার বাস্তবায়নে আন্দোলন করছি।’প্রধান শিক্ষক ওয়াদুদ আলী বলেন, ‘শিক্ষার্থীদের কিছু দাবির সঙ্গে আমিও একমত। কিন্তু বিদ্যালয়ের তহবিলে অর্থ না থাকায় উন্নয়ন করতে পারছি না। যোগ্যতা বিবেচনা করে আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ করা হয়েছে। এডহক কমিটির সভাপতি মনোনয়ন দেন স্থানীয় সাংসদ।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল হক জানান, বিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে আজ সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী, শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে।