পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই, গরমে দুর্ভোগ
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের কয়েকটি পাড়ায় পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই। ২২ মে ওই এলাকার পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরি যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ পোহাচ্ছে ছয় শতাধিক মানুষ।
গতকাল মঙ্গলবার বাঙালিপুর ইউনিয়নের চৌমুহনী গ্রামের হাফেজ মোহাম্মদ আকতার হোসেন, সাইদুর রহমান, আবদুল মজিদ জানান, এলাকায় এখন প্রচণ্ড গরম। এ অবস্থায় ২২ মে রাতে কে বা কারা চৌমুহনী বাজার-সংলগ্ন এলাকা থেকে পল্লী বিদ্যুতের ১৫ কেভির ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়।
চৌমুহনী গ্রামের কৃষক সুশীল চন্দ্র রায় অভিযোগ করেন, ২২ মে ট্রান্সফরমারটির সুইচ বন্ধ (অফ) হয়ে গেলে পল্লী বিদ্যুতের লাইনম্যান মশিউর রহমানকে খবর দেওয়া হয়। কিন্তু ওই লাইনম্যান আসেননি। ওই রাতেই এটি চুরি হয়ে যায়। এর আগেও চারবার ট্রান্সফরমার চুরি হয়।
একই গ্রামের কৃষক অক্ষয় কুমার জানান, পল্লী বিদ্যুতের লোকেরা নতুন ট্রান্সফরমারের জন্য ৬৯ হাজার টাকা দাবি করছেন। যত দিন টাকা জোগাড় হবে না, তত দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ না থাকায় বাড়াইশালপাড়া, আদর্শপল্লী, চৌমুহনী ও নয়াপাড়ার প্রায় ২০০ পরিবারের ছয় শতাধিক সদস্য প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছেন। চৌমুহনী গ্রামের দিনমজুর নূর আলম বলেন, ‘হামরা গরিব মানুষ, কোঠে হাতে দেও মুই এতুইল্ল্যা (এতগুলো) টাকা। ওমরা (ওরা) কয়ছে টাকা দেও, কারেন (কারেন্ট) নেও। বারবার তো হামরা পাইস্যা (পয়সা) জোগাড় করির পাইম না।’
চৌমুহনী বাজারের আশীর্বাদ ফটো অ্যান্ড কম্পিউটার নামের একটি দোকানের মালিক সুমন মালাকার বলেন, ‘বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য লাটে উঠেছে। এলাকার বেশির ভাগ মানুষই গরিব, তাই কীভাবে আমরা ট্রান্সফরমারের দাম জোটাব, তা ভেবে পাচ্ছি না।’
সুমন মালাকার জানান, যেহেতু চৌমুহনী এলাকাটি সৈয়দপুর সেনানিবাস ও পৌরসভা-সংলগ্ন, সেহেতু এখানের বিদ্যুৎ-ব্যবস্থা পল্লী বিদ্যুতের পরিবর্তে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) দেওয়া হলে দুর্ভোগ কমে আসবে। চুরি বন্ধের জন্য তাঁর পরামর্শ হচ্ছে, মাত্র ১০ ফুট উচ্চতায় ট্রান্সফরমার স্থাপন না করে যদি কংক্রিটের খুঁটিতে তা স্থাপন করা হয়, তাহলে ঘন ঘন চুরি বন্ধ হয়ে যেত।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জিএম সোহরাব হোসেন বলেন, ‘পল্লী বিদ্যুতের নীতিমালায় আছে, প্রথমবার ট্রান্সফরমার চুরি গেলে গ্রাহকেরা অর্ধেক দামে তা পাবেন। কিন্তু একাধিকবার চুরি গেলে সে দায়িত্ব আমরা নেব না। সে ক্ষেত্রে পুরো ট্রান্সফরমারের দাম অর্থাৎ ৬৯ হাজার টাকাই পরিশোধ করতে হবে গ্রাহকদের। এর বাইরে আমাদের কিছুই করার নেই।’ তিনি আরও জানান, ট্রান্সফরমার চুরি যাওয়ার বিষয়ে তাঁরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।