পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই ছয় ইউনিয়নে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ছয়টি ইউনিয়নে পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন গ্রাহকেরা। ২২ এপ্রিল রাতে কালবৈশাখীর তাণ্ডবে দুটি খুঁটি ভেঙে বিদ্যুতের সরবরাহ বিচ্ছিন্ন হয়। গতকাল রোববার বিকেল পাঁচটা পর্যন্ত সরবরাহ চালু হয়নি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (বিউবি) রামু-নাইক্ষ্যংছড়ির দায়িত্বপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী এ এম হেলাল উদ্দীন জানান, কালবৈশাখীর তাণ্ডবে নাইক্ষ্যংছড়ি সদরের জারুলিয়াছড়ি ও আদর্শ গ্রামে ১১ হাজার ভোল্টের দুটি বিদ্যুৎ খুঁটি ভেঙে যায়। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
এ ছাড়া গাছ ও ডাল ভেঙে কয়েকটি স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। ছেঁড়া তার জোড়া লাগানোর পাশাপাশি নতুন খুঁটি স্থাপনের কাজ চলছে।
রামু উপজেলার গর্জনিয়ার বাসিন্দা হাফিজুল ইসলাম চৌধুরী জানান, পাঁচ দিন ধরে গর্জনিয়া, কচ্ছপিয়া, নাইক্ষ্যংছড়ি সদর, দোছড়ি, ঘুমধুম, বাইশারীসহ ছয়টি ইউনিয়নে বিদ্যুৎ না থাকায় কয়েক হাজার গ্রাহক দিশেহারা। অসংখ্য বাসাবাড়ির ফ্রিজে রাখা মাছ, মাংস, ফলমূল পচে নষ্ট হচ্ছে। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।
নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহমদ জানান, ২২ এপ্রিল মধ্যরাতে কালবৈশাখীর তাণ্ডবে উপজেলার বিভিন্ন স্থানে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়ে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম ইকবাল চৌধুরী জানান, টানা পাঁচ দিন বিদ্যুৎ না থাকায় মুঠোফোনের ব্যাটারিও চার্জ দেওয়া সম্ভব হচ্ছে না।