পাঁচ দিন ধরে যান চলাচল বন্ধ, দুর্ভোগ চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর সড়কে গত পাঁচ দিন ধরে যান চলাচল বন্ধ। গত মঙ্গলবার উপজেলার মেটংঘর এলাকায় বেইলি সেতু ধসে পড়ায় এমন সংকট দেখা দিয়েছে। এ সড়কে ঝুঁকিপূর্ণ আরও ছয়টি বেইলি সেতু আছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে নবীনগরগামী একটি ট্রাক ৪০ টন সিমেন্ট নিয়ে যাচ্ছিল। ট্রাকটি উপজেলার মেটংঘর বেইলি সেতুর ওপর ওঠার সঙ্গে সঙ্গে স্টিলের পাত ভেঙে পানিতে পড়ে যায়। এর পর থেকে গতকাল শনিবার পর্যন্ত ওই সেতু মেরামত করা হয়নি। এ অবস্থায় ওই সড়ক দিয়ে যাতায়াত করা প্রায় ৫০ হাজার মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নবীনগর উপজেলার লোকজন কুমিল্লা, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়কপথে যাতায়াত করে। সেতু ধসে পড়ায় উভয় পাড়ে বিভিন্ন পরিবহন এসে থামে। পরে যাত্রীরা নৌকা দিয়ে পার হয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায়।
পরিবহনচালক ফরিদ উদ্দিন বলেন, দীর্ঘদিন যাবৎ সেতুর দিকে নজর না দেওয়ার কারণে এ অবস্থা হয়েছে।
উপজেলার আকবপুর গ্রামের বাসিন্দা সোহেল মিয়া বলেন, সেতু দ্রুত মেরামত করা না হলে ভোগান্তি আরও বাড়বে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, কোম্পানীগঞ্জ থেকে নবীনগর পর্যন্ত ২৯ কিলোমিটার সড়ক আছে। এর মধ্যে কোম্পানীগঞ্জ থেকে গাজীরহাট পর্যন্ত ১৭ কিলোমিটার সড়কের পীর কাশিমপুর, কড়ইবাড়ি, মেটংঘর, কোড়েরপাড়, মোখলেছপুর ও দৌলতপুর এলাকায় ছয়টি বেইলি সেতুর নড়বড়ে অবস্থা।
ছয়টি সেতুর মধ্যে মোখলেছপুর সেতুর সামনে সওজ একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে রেখেছে। ওই সেতুর উত্তর অংশে স্টিলের পাত সরে গেছে। মাঝখান দেবে গেছে। একসঙ্গে দুটি যানবাহন ওই সেতু দিয়ে আসা-যাওয়া করতে পারছে না।
সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, মেটংঘর বেইলি সেতু স্থাপন করতে আরও কয়েক দিন সময় লাগবে। অন্যান্য বেইলি সেতুর মেরামতের জন্য সড়ক ভবনে প্রস্তাব পাঠানো হয়েছে।