চট্টগ্রাম নগরে এক স্কুলছাত্র পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। তার নাম আবদুল ওয়াজেদ (১২)। সে হালিশহর প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। পরিবারের দাবি, তাকে অপহরণ করা হয়েছে। পুলিশ বলছে, অপহরণ নাকি নিখোঁজ তা তদন্ত করা হচ্ছে। গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।
পারিবারিক সূত্র জানায়, ১০ জুলাই বিকেল তিনটায় বন্দর থানার ধোপা দিঘিপাড় উকিল বাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর ওয়াজেদ আর বাসায় ফেরেনি। বের হওয়ার সময় সে বলেছিল বাসার কাছে মুঠোফোনের দোকানে যাচ্ছে। কিন্তু সন্ধ্যার পরও বাসায় না আসায় দোকানে খোঁজ নিলে তাঁরা জানান সে দোকানে আসেনি। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন তার মা রোকেয়া বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সন্দেহ হয় তাঁর ছেলেকে পূর্বশত্রুতার জেরে অপহরণ করা হতে পারে। ১৩ জুলাই তিনি বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা করেন। মামলায় স্থানীয় চারজনকে আসামি করা হয়।
শিশুটির মা রোকেয়া বেগম প্রথম আলোকে বলেন, তাঁর ধারণা ছেলেকে অপহরণ করা হয়েছে। তবে পাঁচ দিনেও মুক্তিপণ দাবি করে কেউ ফোন করেনি। যেভাবেই হোক ছেলেকে ফিরে পেতে চান তিনি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মায়নুল ইসলাম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, শিশুটির মা স্থানীয় যাঁদের আসামি করেছেন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে পুলিশের অভিযানও অব্যাহত আছে। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। তারপরও শিশুটিকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে।