শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথের লৌহজং টার্নিং পয়েন্ট (লৌহজং চ্যানেল) দিয়ে ফেরি চলাচল পাঁচ দিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে আবার শুরু হচ্ছে। ফেরি চলবে আপাতত এক পাশ দিয়ে। অন্য পাশে চলবে খননকাজ।
সূত্র জানায়, নাব্যতা সংকটের কারণে গত ২০ আগস্ট থেকে লৌহজং টার্নিং পয়েন্টে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। সংকট কাটাতে ওই পয়েন্ট এলাকায় পদ্মা সেতুর কাজে ব্যবহৃত যন্ত্র দিয়ে খননের দাবি করা হয়। সেই দাবির পরিপ্রেক্ষিতে ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রো ১ সেপ্টেম্বর থেকে খননকাজ শুরু করে। খননকাজের পাশাপাশি সীমিত পরিসরে ফেরি সার্ভিস চালু রাখা হয়। কিন্তু তাতে খননকাজে সমস্যা হচ্ছিল। ঈদের আগে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১১ সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত লৌহজং টার্নিং পয়েন্ট দিয়ে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এরপর থেকে এই পথ এড়িয়ে বিকল্প পথে পাঁচ কিলোমিটার ঘুরে চারটি ফেরি দিয়ে যান পারাপার চালু রাখা হয়।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, ফেরি চলাচলের পথ মার্কিং করার কাজ গতকাল মঙ্গলবার রাতে শেষ হয়েছে। আজ থেকে ফেরি চলাচল শুরু করা যাবে।