পাঁচ দিন পর আশুলিয়ায় কমার্স ব্যাংক খুলেছে
ডাকাতির ঘটনার পাঁচ দিন পর আজ রোববার বাংলাদেশ কমার্স ব্যাংকের আশুলিয়ার কাঠগড়া শাখার কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকের ওই শাখায় নতুন ব্যবস্থাপক, পাঁচজন কর্মকর্তা, তিনজন নিরাপত্তাকর্মী ও একজন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার ডাকাতের হামলায় ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক, নিরাপত্তাকর্মী, ব্যবসায়ী, এক ডাকাতসহ নয়জন নিহত হয়। এর পর থেকে শাখার কার্যক্রম বন্ধ ছিল।
পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ জানায়, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ বিকেল থেকে শাখায় আবারও লেনদেন শুরু হয়েছে। সকাল থেকে ব্যাংকের ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
আজ বিকেলে ওই শাখায় গিয়ে দেখা যায়, দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকটির সিঁড়িসংলগ্ন ফটকের সামনে একজন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছেন। তাঁর কাছে একটি রেজিস্টার খাতা ছিল। গ্রাহকেরা ওই খাতায় নিজের পরিচয় লিখে ব্যাংকে ঢুকছেন। এ ছাড়া ব্যাংকটির সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
ওই শাখার নতুন ব্যবস্থাপক ফিরোজ আহাম্মেদ জানান, কর্তৃপক্ষের ইচ্ছায় তিনি এখানে যোগদান করেছেন। তিনি বলেন, ‘চেষ্টা থাকবে যাতে সাবধানে দায়িত্বপালন করতে পারি।’
কাঠগড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, বাজারের ব্যবসায়ীসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। এর পরও প্রয়োজনের তাগিদে আজ অনেককেই লেনদেন করতে হয়েছে।
এ দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, দুই ডাকাতকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে। শিগগিরই মূল হোতাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
আরও পড়ুন