পাঁচ দিন পর উদ্ধার হলো অন্তরের লাশ
রংপুরের বদরগঞ্জে উপজেলার যমুনেশ্বরী নদীতে নিখোঁজ স্কুলছাত্র অন্তর কুমার কুন্ডুর (১২) লাশ পাঁচ দিন পর উদ্ধার করা হয়েছে। উপজেলার ফেসকিপাড়ার কাছে গতকাল বুধবার দুপুরে নদী থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে স্থানীয় লোকজন।
স্থানীয় লোকজন জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বদরগঞ্জ পৌর শহর রক্ষা বাঁধের যমুনেশ্বরী নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় অন্তর। সে বদরগঞ্জ মডেল উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ত। তার বাবা উত্তম কুমার কুন্ডু পৌরসভার স্টেশনপাড়ার ব্যবসায়ী। নিখোঁজের পর ফায়ার সার্ভিসের কর্মীরা শনিবার সন্ধ্যা পর্যন্ত অন্তরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। ঘটনার পর থেকে সন্তানের খোঁজে নদীর পাড়েই অপেক্ষা করছিলেন মা। গতকাল ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে নদীতে লাশের সন্ধান পান এলাকাবাসী। গত মঙ্গলবার প্রথম আলোয় ‘অন্তরের জন্য চার দিন ধরে নদীর পাড়ে মা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।