পাঁচ দিন পর এক পাশ দিয়ে ফেরি চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগেই পরিস্থিতি স্বাভাবিক করতে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাওড়াকান্দি নৌপথে (লৌহজং চ্যানেল) ফেরি চলাচল টানা পাঁচ দিন বন্ধ রাখা হয়। গতকাল বুধবার থেকে এ নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে তা কেবল এক পাশ দিয়ে। অন্য পাশে খননকাজ অব্যাহত রয়েছে।
এক পাশ দিয়ে চলাচল শুরু হওয়ায় কেবল কাওড়াকান্দি থেকে শিমুলিয়ার দিকে ফেরি আসতে পারছে। শিমুলিয়া থেকে কাওড়াকান্দিগামী ফেরিকে এখনো পাঁচ কিলোমিটার ঘুরেই যাতায়াত করতে হচ্ছে। এই পাশের খননকাজ শেষ হতে আরও এক সপ্তাহ সময় লাগবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। সে হিসাবে আগামী ঈদুল আজহার আগের দিন নৌপথটি স্বাভাবিক হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ নৌপথ দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ ঢাকায় যাতায়াত করে। ১৮টি ফেরি দিয়ে এ পথের যাত্রী ও পণ্যবাহী গাড়িগুলো পারাপার করা হতো। কিন্তু নাব্যতা-সংকটের কারণে এ নৌপথে প্রায়ই নদীতে ডুবোচরে ফেরি আটকে যায়। এ কারণে গত ২০ আগস্ট থেকে মাত্র তিনটি ফেরি চলাচল করছিল। এ কারণে দুই ঘাটে সব সময়ই শত শত গাড়ি আটকা পড়ে থাকত। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে ঈদের আগেই নৌপথটিকে স্বাভাবিক করতে মুন্সিগঞ্জের শিমুলিয়া, লৌহজং টার্নিং ও মাগুরখণ্ড চ্যানেলে খনন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ১১ সেপ্টেম্বর থেকে এ খননকাজ শুরু হয়। এ কারণে এই নৌপথে গত মঙ্গলবার পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। বিকল্প পথে পাঁচ কিলোমিটার ঘুরে পালেরচর ও মঙ্গলমাঝি হয়ে মাত্র চারটি ফেরি দিয়ে যান পারাপার অব্যাহত ছিল। তবে চ্যানেলের এক পাশের খননকাজ সম্পন্ন হওয়ায় সেদিক দিয়ে গতকাল দুপুর ১২টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। এখন ফেরি চলাচলের পাশাপাশি খননকাজও অব্যাহত থাকবে।
শিমুলিয়া ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক আশিকুজ্জামান বলেন, এক পাশের পথ চালু হওয়ায় সাতটি ফেরি চলতে পারছে। বাকিগুলো বন্ধ রাখা হয়েছে। লৌহজং চ্যানেলের দুই পাশ সচল না হওয়া পর্যন্ত সব ফেরি চলাচল সম্ভব নয়। কিন্তু দুই পাশই কবে নাগাদ পুরোপুরি সচল হবে, সে বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই।
বিআইডব্লিউটিএর (ড্রেজিং) তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইদুর রহমান জানান, লৌহজং চ্যানেলের দুই পাশ সচল করতে আরও এক সপ্তাহ লাগবে। খননকাজে ব্যবহৃত ড্রেজিংয়ের সঙ্গে সংঘর্ষ ও দুর্ঘটনা এড়াতে তা পরিহার করা হয়েছে।
ঈদ প্রস্তুতিমূলক বিশেষ সভা: ঈদযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে গতকাল বেলা সাড়ে ১১টায় শিমুলিয়ায় বিআইডব্লিউটিএর রেস্টহাউসে বিশেষ সভা হয়েছে। সভায় শিমুলিয়া ও কাওড়াকান্দি ঘাটে ১৮ সেপ্টেম্বর থেকে ঈদের পরের তিন দিন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চালু এবং ১৮ তারিখ থেকে ঈদের পরের ১০ দিন পর্যন্ত বালুবাহী জাহাজ চলাচল নিষিদ্ধ করাসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।