র্যাব-১১ নারায়ণগঞ্জ আদমজীনগরের ক্যাম্পের একটি দল গত সোমবার রাতে চাঁদপুরের মতলব উপজেলার দারুল উলুম ইব্রাহিম মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে অপহূত ছয় বছরের এক শিশুকে উদ্ধার করেছে। অপহরণের পাঁচ দিন পর তাকে উদ্ধার করা হলো। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১১ কার্যালয়ে গতকাল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সিও মেজর আইনুন মোর্শেদ খান সাংবাদিকদের বলেন, গত ৩১ আগস্ট ঈদের দিন সন্ধ্যায় সাভারের গোয়ালবাড়ী থেকে শিশু নির্জনাকে অপহরণ করা হয়। অপহরণের তিন দিন পর মুঠোফোনে নির্জনার বাবা দিনমজুর মো. খবিরউদ্দিনের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা। মুক্তিপণের টাকা দেওয়া না হলে শিশু নির্জনাকে হত্যার হুমকি দেয়। নির্জনার বাবা বিষয়টি র্যাব-৪-কে জানালে র্যাব তৎপর হয়। অপহরণকারী মাসুদা বেগম গত সোমবার নির্জনার বাবা খবিরউদ্দিনকে দাউদকান্দির নায়েরগাঁও বাজারে ৩০ হাজার টাকা নিয়ে যাওয়ার জন্য বলা হয়। নির্জনার বাবা বিষয়টি র্যাব-১১-কে জানায়। র্যাব অনুসন্ধান চালিয়ে অপহরণকারীদের অবস্থান চিহ্নিত করে। এ সময় মাসুদা বেগম (২৫) ও তাঁর স্বামী ইদ্রিসকে (৩৫) গ্রেপ্তার করা হয়।