পাঁচ দিন পর ট্রলার উদ্ধার, ভেসে উঠল চারটি লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির পাঁচ দিন পর গতকাল রোববার সন্ধ্যায় স্থানীয়ভাবে চেষ্টা করে ট্রলারটি উদ্ধার করলে ট্রলার থেকে আলেয়া বেগম (২৫) ও তাঁর মেয়ে স্বর্ণার (৩) লাশ ভেসে ওঠে।
এর আগে দুপুরে বরিশালের হিজলার মেঘনা নদীতে ফাহিম হোসেনের (দেড় বছর) লাশ ভেসে ওঠে। ফাহিম জামাল হোসেন ব্যাপারীর ছেলে। বিকেল চারটার দিকে মোস্তফা মৃধার ছেলে মানিকের (৪) লাশ হাইমচরের সাহেবগঞ্জ থেকে উদ্ধার করা হয়। এখনো মোস্তফা মৃধার এক সন্তানসহ পাঁচজন নিখোঁজ রয়েছেন। অন্যরা হলেন নার্গিস (২৮) ও তাঁর সন্তান শাহজাদা (৬); আলেয়ার সন্তান সিয়াম (৬) এবং আহমদ উল্লা (৪৪)। মোস্তফা মৃধার বাড়ি রায়পুর উপজেলায়। অন্য সবার বাড়ি হাইমচরের বিভিন্ন এলাকায়।
হাইমচর থানার ওসি ওয়ালি উল্লা বলেন, ফাহিমের লাশ ভাসতে ভাসতে বরিশালের হিজলা এলাকার এক জেলের জালে গতকাল ভোরে আটকে যায়। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে চাঁদপুরে নিয়ে আসে। এদিকে বিকেল চারটার দিকে হাইমচরের সাহেবগঞ্জ এলাকায় মানিকের লাশ ভেসে ওঠে।
২৬ জানুয়ারি হাইমচর থেকে ঈশানবালায় যাওয়ার পথে ট্যাংকারের ধাক্কায় অর্ধশত যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়।