পাঁচ দিন পর পেট ভরে ভাত খাবেন শহিদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সারিয়াকান্দিতে গতকাল ত্রাণ নিতে আসা বন্যার্তরা l প্রথম আলো
বগুড়ার সারিয়াকান্দিতে গতকাল ত্রাণ নিতে আসা বন্যার্তরা l প্রথম আলো

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও বন্ধুসভার ব্যবস্থাপনায় দেশের বন্যাপীড়িত অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। গতকাল দিনাজপুর, সিলেট, বগুড়া, রাজবাড়ী, রংপুর ও কুড়িগ্রামের দুর্গম এলাকার প্রায় দেড় হাজার বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেন বন্ধুসভার সদস্যরা। দিনাজপুরের কাহারোল উপজেলার কাজী কাটানা গ্রামের শহিদা ত্রাণসামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে জানালেন, পাঁচ দিন পর তিনি পেট ভরে ভাত খেতে পারবেন।

এ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

দিনাজপুর

গতকাল শনিবার কাহারোল ও বিরল উপজেলায় ১২০ পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে দুই কেজি করে চাল, আধা কেজি চিড়া, আধা কেজি ডাল,
আধা কেজি লবণ, আধা লিটার সয়াবিন, এক কেজি আলু, আধা কেজি পেঁয়াজ, দুটি মোম, একটি গ্যাসলাইট, এক পাতা প্যারাসিটামল ও দুটি করে খাওয়ার স্যালাইন দেওয়া হয়েছে।

কাহারোল উপজেলার কাজী কাটানা গ্রামের মৃত মমতাজ উদ্দিনের স্ত্রী শহিদা বলেন, ‘মুই অপারেশনের রোগী, প্যাটোত টিউমার হইচিল, আইতের বেলা বান উঠিয়া ঘর ভাসি নিয়া গেচে। কেলাপ ঘরত আচি চট বিচায়া কোনোমতে। চায়া চায়া দিন যাওচে মোর। প্যাট ভরি ভাত পাঁচ দিন থাকি খাও না। এইবার আন্যা প্যাট ভরি খাবা পামো।’

বন্যায় দুই মেয়ে, এক ছেলেসহ এক ভাতিজাকে হারিয়েছেন কাহারোল উপজেলার বলরামপুর গ্রামের আবদুর রহমান, তিনি বলেন, ‘বুকটা হামার খালি হয়ে গেচে, বাড়িতও খাবার নাই। অ্যাকনা উপকার হলি।’

এ ছাড়া গতকাল দিনাজপুর সদর উপজেলার মাতাসাগর এলাকায় ১৩৫ পরিবারকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা নিজ উদ্যোগে ত্রাণ দিয়েছে।

রংপুর

রংপুরের বন্যাদুর্গত এলাকায় গতকাল ২৭০ জন অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। প্রত্যন্ত দুর্গত এলাকা গঙ্গাচড়া উপজেলায় এ ত্রাণ দেওয়া হয়। দেওয়া হয়েছে চিড়া, গুড়, বিস্কুটসহ শুকনো খাবার। এর এক দিন আগেও গত শুক্রবার বন্ধুসভার নিজস্ব উদ্যোগে ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

ত্রাণ পাওয়ার পর বুলবুলি বেগম (৪৫) বলেন, ‘ছাওয়া দুকনার এমনিতেই পেট ব্যথা। পেটোত কয়দিন থাকি ভালো কিছু জোটে নাই। আইজ চিড়া আর গুড় পানিত ভিজিয়া শান্তিমতো খাইবে।’

যমুনা নদীর নান্দিনার চরে শোনপচা হঠাৎপাড়া ও শোনপচা মহিলা বাঁধ এলাকায় আড়াই শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন বগুড়া বন্ধুসভার বন্ধুরা। ছবিটি গতকাল বগুড়ার সারিয়াকান্দির পূর্ব শোনপচা এলাকা থেকে তোলা l প্রথম আলো
যমুনা নদীর নান্দিনার চরে শোনপচা হঠাৎপাড়া ও শোনপচা মহিলা বাঁধ এলাকায় আড়াই শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন বগুড়া বন্ধুসভার বন্ধুরা। ছবিটি গতকাল বগুড়ার সারিয়াকান্দির পূর্ব শোনপচা এলাকা থেকে তোলা l প্রথম আলো

কুড়িগ্রাম

 ‘বানের পানিত এত কষ্টোত আছি। কাইয়ো হামার খবর নেয় না। তোমার চাউল ডাইল পায়া খুব উপকার হইল বাহে।’ ত্রাণ হাতে পেয়ে বললেন বন্যাকবলিত নামা ভেলাকোপা চরের আবুল হোসেন (৭১)।

গতকাল শনিবার সদর উপজেলার ধরলা নদীর অববাহিকায় নামা ভেলাকোপা, উত্তর-দক্ষিণ চর ভেলাকোপায় কুড়িগ্রাম বন্ধুসভার সদস্যরা ২০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল ও আলু। এগুলো পেয়ে বৃদ্ধ কছিনা বেওয়া বলেন, ‘আল্লা তোমার ভালো করুক বাহে। গরিব বুড়া মানুষ, খুব উপকার হইল।’

সিলেট

পানিবন্দী চারটি গ্রাম নৌকা দিয়ে ঘুরে ঘুরে ৮০ পরিবার চিহ্নিত করা হয়। যোগাযোগের বিড়ম্বনার কারণে যাঁরা ত্রাণ-সহায়তা পাননি, তাঁদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে ত্রাণসামগ্রী।

গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নৌকায় করে সিলেটের বাউরকান্দি হাওর এলাকায় পীরেরগাঁও, লালারগাঁও, লাঠিরবাড়ি, চামাউরাকান্দি, নৈলপোতা গ্রামে ৮০ পরিবারের ১১০ জন নারী ও পুরুষ সদস্যের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল পরিবারপ্রতি চার কেজি চাল, এক কেজি আলু, ডাল ও লবণ।

প্রত্যন্ত হাওর এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে সঙ্গী হয়েছিলেন গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুজাত আলী, সিলেট জেলা পরিষদের সদস্য মোহাম্মদ শাহানুর ও সিলেট বারের অতিরিক্ত সরকারি কৌঁসুলি নুরে আলম সিরাজী।

বগুড়া

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালিতলাঘাট থেকে শনিবার সকালে ছেড়ে প্রথম আলোর ত্রাণবাহী নৌকা যমুনা নদী দিয়ে প্রায় আড়াই ঘণ্টা চলার পর কর্নিবাড়ি ইউনিয়নের নান্দিনার চরে পৌঁছালে বহু বানভাসি মানুষ ত্রাণের জন্য ভিড় করে। এদের মধ্য থেকে বয়স্ক হতদরিদ্র ৮০ জন নারী-পুরুষের হাতে একটি করে ত্রাণের প্যাকেট তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল এক কেজি চিড়া, এক কেজি মুড়ি, এক কেজি গুড়,৫টি করে খাওয়ার স্যালাইন এবং ২০টি করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।

এ ছাড়া কর্নিবাড়ি ইউনিয়নের দুর্গম শোনপচা চর, শোনপচা হঠাৎপাড়া, শোনপচা আশ্রয়ণকেন্দ্র এবং শোনপচা মহিলা বাঁধে আশ্রয় নেওয়া আশ্রয় শিবিরের বন্যার্ত ২৫০ বানভাসি অসহায় মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়।

গোয়ালন্দ (রাজবাড়ী)

‘আইজ কয় দিন ধইরা পানিতে হাবুডুবু খাচ্ছি, কেউ একবার আইসা খোঁজও নিল না। আপনারাই পরথম আইসা আমাদের তিরান দিলেন। পরথম তিরান পাইয়া খুবই খুশি হইলাম বাবা। এ দিইয়া অহোন আমরা ৫-৬ দিন চলতে পারমু।’ ত্রাণসামগ্রীর প্যাকেট হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মজলিশপুর গ্রামের বৃদ্ধ ভূমিহীন কৃষক আফজাল বিশ্বাস (৭০)।

গতকাল উপজেলার উজানচর ইউনিয়নের মজলিশপুর, মহিদাপুর ও ফৈজদ্দিন মাতুব্বর পাড়ার ১০২টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রতি পরিবারের হাতে ৪ কেজি করে চাল, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম মসুরের ডাল, আধা লিটার সয়াবিন তেল, মোমবাতি, দেশলাই, খাওয়ার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ বড়িসহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়। এ ছাড়া সঙ্গে ছিল একটি মেডিকেল টিম। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ও প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল শেখ মেডিকেল টিম পরিচালনা করেন। ত্রাণ বিতরণের পাশাপাশি প্রায় অর্ধশত মানুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং বিনা মূল্যে ওষুধসামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।

ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বন্ধুসভার সাবেক উপদেষ্টা অধ্যাপক আউয়াল আনোয়ার, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক নাসরিন আকতার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ বাবর আলী প্রমুখ

আর্থিক সহায়তা দিলেন যাঁরা

জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড ১০ লাখ, নাম প্রকাশে অনিচ্ছুক ১ লাখ, নাজমা নাজির ২০ হাজার, নাসিমা বেগম ১০ হাজার, নাম প্রকাশে অনিচ্ছুক ১০ হাজার, মো. টিপু সুলতান ৫ হাজার, কাজী শরিফুল আলম ৩ হাজার টাকা। মোট ১১ লাখ ৪৮ হাজার টাকা।