পাঁচ দিন পর বাস চলাচল স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও পাবনার মধ্যে পাঁচ দিন পর গতকাল সোমবার ভোর থেকে বাস চলাচল স্বাভাবিক হয়ে এসেছে। একই সঙ্গে পাবনা থেকে শাহজাদপুর হয়ে টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুরসহ বিভিন্ন রুটে এবং শাহজাদপুর থেকে পাবনা হয়ে খুলনা, যশোরসহ বিভিন্ন রুটে বাস চলাচলও শুরু হয়েছে। গত রোববার রাতে পাবনা ও শাহজাদপুরের পরিবহন নেতাদের এক বৈঠকে এসব রুটে বাস চলাচল চালুর সিদ্ধান্ত হয়।
মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, পাবনা ও শাহজাদপুরের পরিবহন নেতাদের মধ্যে গত রোববার বেশ কয়েকবার যোগাযোগ হয়। পরে পাবনা ও শাহজাদপুর মোটর মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতারা রোববার রাত আটটার দিকে শাহজাদপুর মোটর মালিক সমিতির কার্যালয়ে বৈঠকে বসেন। বৈঠকে গতকাল ভোর থেকে বাস চলাচল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান বলেন, ‘ভবিষ্যতে আর কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে আমরা দুপক্ষই আলোচনা করেছি। ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতে বাস চলাচল শুরু হয়েছে।’
শাহজাদপুর মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, ‘পাবনার পরিবহন নেতারা শাহজাদপুরে এসেছিলেন।’
পাবনায় শাহজাদপুর মোটর মালিক সমিতির নিয়ন্ত্রণাধীন দুটি বাসের শ্রমিকদের ১১ মে পাবনা মোটর মালিক সমিতির লোকজন মারধর করেন। এরই জের ধরে শাহজাদপুর বাসস্ট্যান্ডে শাহজাদপুর মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের লোকজন পাবনা সমিতির নিয়ন্ত্রণাধীন চার-পাঁচটি বাসের শ্রমিকদের মারধর ও বাস ভাঙচুর করেন। এরপর পাবনা ও শাহজাদপুর মোটর মালিক সমিতির নিয়ন্ত্রণাধীন সব বাস চলাচল বন্ধ হয়ে যায়।