
টানা পাঁচ দিন পর নিজ বাসভবন থেকে বেরিয়ে আজ বুধবার গুলশানে দলীয় কার্যালয়ে গেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার রাত আটটা ১০ মিনিটে তিনি বাসভবন থেকে বেরিয়ে গুলশান কার্যালয়ে যান।
গত শুক্রবার হরতাল ঘোষণার পর বিএনপির পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয় এবং খালেদা জিয়ার বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সে সময় দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছিলেন খালেদা জিয়া গৃহবন্দি নাকি নজরবন্দি।
দলীয় একটি সূত্র জানায়, রাত সাড়ে নয়টার কিছু সময় আগে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করতে গুলশান কার্যালয়ে যান। এ ছাড়াও বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যান দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, আ স ম হান্নান শাহ, মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ, রিয়াজ রহমানসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এর আগে গত বৃহস্পতিবার গুলশান কার্যালয়ে যান খালেদা জিয়া। ওই দিনই স্থায়ী কমিটির বৈঠকে রোববার থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন শুক্রবার ১৮-দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে হরতালের ঘোষণা দেওয়া হয়। পরে সেদিন সন্ধ্যায় বিএনপির শীর্ষ তিন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে হরতাল আরও ১২ ঘণ্টা বাড়িয়ে দেওয়া হয়। এরপর রাতেই বিরোধীদলীয় নেতার বাসা ও কার্যালয়ে পুলিশি পাহারা বাড়ানো হয় এবং পানি ও গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। এর পর থেকে খালেদা জিয়া তাঁর বাসভবনেই ছিলেন।