চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনের পাঁচ দিন পর উপজেলার একটি কেন্দ্রের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অব্যবহূত বিপুল পরিমাণ ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক তিমির বরণ চৌধুরী গোপন সংবাদ পেয়ে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় উপজেলা সদরের হাশেম মার্কেটের একটি দোকান থেকে ব্যালটগুলো উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ ব্যালট পেপারগুলো সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীনের কাছে হস্তান্তর করে।
জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১৩০টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এতে কচুয়াই আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ শেষে নিয়ম মোতাবেক ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে ব্যবহূত ও অব্যবহূত ব্যালট পেপার বুঝিয়ে দেওয়ার নিয়ম। কিন্তু ব্যবহূত ব্যালট পেপার বুঝিয়ে দিলেও চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের এক হাজার ৯০০ করে সর্বমোট পাঁচ হাজার সাতটি ব্যালট ফেরত দেওয়া হয়নি।
এদিকে চেয়ারম্যান পদপ্রার্থী তিমির বরণ চৌধুরী এ খবর জেনে গতকাল আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটে যান। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নূর আক্তার বেগমের কাছ থেকে জানতে পারেন, শ্রীমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পোলিং কর্মকর্তা মোহাম্মদ আলী খানের কাছে ব্যালটগুলো রয়েছে। তাঁর তথ্যমতে, তাঁকে তাঁর বিদ্যালয়ে না পেয়ে পটিয়া সদরে এসে খোঁজ পান। এ সময় একটি দোকান থেকে ব্যালট পেপারগুলো বের করেন।
আলী খান জানান, ভোটের দিন ভুলবশত প্রিসাইডিং কর্মকর্তা হুলাই ছালেহ নূর ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম এগুলো বিদ্যালয়ের একটি আলমারিতে রেখে আসেন।
তবে চেয়ারম্যান পদপ্রার্থী তিমির বরণ চৌধুরী অভিযোগ করেছেন, ‘অন্যান্য ভোটকেন্দ্রের মতো তাঁর প্রতিপক্ষ প্রার্থীর লোকজন জাল ভোট দেওয়ার জন্য ব্যালট পেপারগুলো ভোটের দিন সরিয়ে রেখেছিলেন। কিন্তু আমার পক্ষের লোকজন সতর্ক থাকায় তা সম্ভব হয়নি।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা রোকেয়া পারভীন বলেন, এটি কোনো জালিয়াতির ঘটনা নয়। ভুলবশত প্রিসাইডিং কর্মকর্তা ব্যালট পেপারগুলো রেখে এসেছিলেন।
উলেখ্য, নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থীকে হারিয়ে বিএনপির প্রার্থী মোজাফফর আহমদ চৌধুরী বিজয়ী হয়েছেন।