পাঁচ দিন পর মংলায় পণ্য খালাস শুরু
বাগেরহাটের মংলা বন্দরে অবস্থানরত খাদ্যশস্যবাহী তিনটি জাহাজের পণ্য খালাস ও পরিবহন গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে।পণ্য পরিবহনের খরচ বৃদ্ধি ও নতুন করে দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগের দাবিতে নৌপরিবহন মালিক সমিতির নিয়ন্ত্রণাধীন খুলনা আঞ্চলিক নৌপরিবহন ঠিকাদার সমিতি ও মেজর কেরিয়ার সমিতি গত বৃহস্পতিবার থেকে কর্মবিরতি শুরু করে। গত সোমবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়। মংলা বন্দর সূত্রে জানা যায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, খাদ্য অধিদপ্তর বিদেশ থেকে আমদানি করা চাল ও গমের ৪০ ভাগ মংলা বন্দর দিয়ে খালাস করে। গত বৃহস্পতিবার সকাল থেকে পণ্য পরিবহনের খরচ বৃদ্ধির দাবি ও নতুন দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগের দাবিতে নৌপরিবহন মালিক সমিতির নিয়ন্ত্রণাধীন খুলনা আঞ্চলিক নৌপরিবহন ঠিকাদার সমিতি ও মেজর কেরিয়ার সমিতি ওই জাহাজ তিনটি থেকে খাদ্যপণ্য খালাস ও পরিবহন বন্ধ করে দেয়।নৌপরিবহন মালিক সমিতি, খুলনার মহাসচিব সাইফুল ইসলাম বলেন, মংলা বন্দরে আসা জাহাজ থেকে খাদ্যশস্য পরিবহনের কাজ খাদ্য অধিদপ্তরের নিয়োজিত নৌযান ঠিকাদারেরা করে থাকেন। ২০০৫ সালে খাদ্য বিভাগ দরপত্রের মাধ্যমে প্রায় ১০০ জন ঠিকাদার নিয়োগ দেয়। কিন্তু ছয় বছর ধরে পরিবহন খরচ বৃদ্ধি না করে খাদ্য বিভাগ তিন মাস পর পর মেয়াদ বৃদ্ধি করে একই ঠিকাদারদের দিয়ে খাদ্যশস্য পরিবহন করিয়ে আসছে। তা ছাড়া ২০০৫-০৬ অর্থবছরে ডিজেলের দাম ছিল ৩০ টাকা। বর্তমানে তা দ্বিগুণ হয়ে গেছে। সেই বর্ধিত দর হিসাব করে ২০১১ সালের ২৭ নভেম্বর ঠিকাদারেরা খাদ্য বিভাগে নতুন করে দরপত্র দাখিল করেন। কিন্তু দীর্ঘ সাড়ে পাঁচ মাসেও সেই দরপত্র কার্যকর না করায় বাধ্য হয়ে তাঁরা বৃহস্পতিবার থেকে কর্মবিরতি শুরু করেন।সাইফুল ইসলাম আরও বলেন, ‘গত সোমবার খাদ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে মন্ত্রী এক মাসের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে মঙ্গলবার দুপুর থেকে আবার কাজ শুরু করেছি।’