পাঁচ দিন পর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনায় ডাকাতসর্দার খোরশেদ আলম খুনের ঘটনায় পাঁচ দিন পর গত বৃহস্পতিবার রাতে মামলা রুজু করা হয়েছে।
নিহত খোরশেদের মা জন্নাত আরা বেগম বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে ওই মামলাটি দায়ের করেন। মামলায় আরেক ডাকাতসর্দার নাছির উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে, গত ১১ অক্টোবর রাতে ডাকাতসর্দার খোরশেদ আলম ও তার ছোট ভাই মোরশেদ আলমসহ পাঁচ-ছয়জন মিলে পালাকাটা রাবার ড্যাম এলাকার একটি দোকানে বসে তাস খেলছিল। রাত ১২টার দিকে চিংড়িজোনের ত্রাস আরেক ডাকাতসর্দার নাছির উদ্দিনের নেতৃত্বে ১০-১৫ জনের সন্ত্রাসী দল সেখানে উপস্থিত হয়ে অস্ত্রের মুখে খোরশেদ ও মোরশেদকে অপহরণ করে রাবার ড্যামের পশ্চিমে মাতামুহুরী নদীর চরে নিয়ে যায়। সেখানে সন্ত্রাসীরা খোরশেদকে (২৮) বেদম পিটিয়ে ও শ্বাসরোধে খুন করে। ওই সময় মোরশেদকেও (২৪) এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। মামলার এজাহারে বাদী ঘটনাটি পূর্বশত্রুতার জের ধরে ঘটানো হয়েছে বলে দাবি করেছেন।
পুলিশ জানিয়েছে, নিহত খোরশেদ ও আহত মোরশেদ অন্তত ১২টি মামলার পলাতক আসামি। তাদের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, লুটপাট ও জবরদখলের অভিযোগে এসব মামলা হয়।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, নিহত খোরশেদের মা জন্নাত আরা বেগম বৃহস্পতিবার রাতে ১৩ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।