পাঁচ দিন পর মুক্ত হলেন উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিন অবরুদ্ধ থাকার পর গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুক্ত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, গতকাল মধ্যরাত পর্যন্ত সিন্ডিকেটের সভা চলে। সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামীকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ৩৩৬ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর চার মাসের বকেয়া বেতনের মধ্যে দুই মাসের বেতন ও ঈদ বোনাস দেওয়া হবে। এই সিদ্ধান্ত জানার পর প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে শিক্ষকদের একাংশ উপাচার্যের কক্ষের সামনে থেকে তাদের অবস্থান ধর্মঘট স্থগিত ঘোষণা করে। এর আগে গত শুক্রবার দুপুরে সাধারণ শিক্ষকেরা উপাচার্যের কক্ষের সামনে তাঁদের অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেন।

গত মঙ্গলবার বেলা ১১টায় চার মাসের বকেয়া বেতনের দাবিতে প্রগতিশীল শিক্ষক সমাজ ও সাধারণ শিক্ষকেরা পৃথক ব্যানারে উপাচার্যের কক্ষের সামনে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। সেদিন থেকেই নিজের কক্ষে অবরুদ্ধ ছিলেন উপাচার্য। 

আন্দোলনরত প্রগতিশীল শিক্ষক সমাজের প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের ডিন ফরিদ-উল-ইসলাম বলেন, ‘আপাতত দুই মাসের বকেয়া বেতনভাতা দেওয়ার আশ্বাস পেয়ে আমরা আমাদের ধর্মঘট স্থগিত করেছি।’

মুক্ত হওয়ার পরে আজ রোববার সকালে উপাচার্য এ কে এম নূর-উন-নবী মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, সিন্ডিকেটের সভা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে কথা হওয়ার পর আগামীকাল সোমবার বকেয়া বেতনভাতা পরিশোধ করার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষকেরা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। এ ছাড়া সিন্ডিকেটের সভায় অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া ৭৬ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর পদায়ন করা হয়েছে। বর্তমানে ইউজিসির বেতনভুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা হলো ৩৩৬।