পাঁচ দিন পর মৃত্যু হলো চট্টগ্রামের সেই গৃহবধূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রামের সেই গৃহবধূ জোবাইদা আক্তারের (২০) মৃত্যু হয়েছে। সেই সঙ্গে মাকে হারাল পাঁচ মাসের ফুটফুটে কন্যাশিশু আঁখি। দাবিমতো যৌতুক না দেওয়ায় স্বামী তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকার বার্মা কলোনিতে গত রোববার সকালে স্বামী আবদুল হালিম (৩০) কেরোসিনের আগুনে ঝলসে দেন জোবাইদার শরীর। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। ইতিমধ্যে পুলিশ হালিমকে গ্রেপ্তার করেছে।জোবাইদার ভগ্নিপতি এম এ হোসাইন মল্লিক জানান, গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে একটি বেসরকারি হাসপাতালে জোবাইদার মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শুক্রবার জোবাইদার লাশ বায়েজিদ এলাকার স্থানীয় খাজা আবু আলী সিন্দি রওজা শরিফ কবরস্থানে দাফন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম প্রথম আলোকে বলেন, ঘটনার দিনই আবদুল হালিমকে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে তদন্ত চলছে।