পাঁচ দিন পর সচল টেকনাফ স্থলবন্দর
পাঁচ দিন পর সচল হয়েছে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর। আজ রোববার সকাল নয়টা থেকে বন্দরের শ্রমিকেরা পুরোদমে কাজ শুরু করেছেন।
গত সোমবার রাতে টেকনাফ স্থলবন্দরের দুই ব্যবসায়ী মো. জিয়াবুল ও মো. আয়াজকে ইয়াবাসহ আটক করে মামলা দায়ের করে ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ওই দিন রাতে ব্যবসায়ী, ট্রাকমালিক ও শ্রমিক সংগঠনের উদ্যোগে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়, আটক ব্যবসায়ীদের মুক্তি না দেওয়া পর্যন্ত বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক ও ট্রাক মালিক-শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রথম আলোকে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন গতকাল গভীর রাত পর্যন্ত ব্যবসায়ী, ট্রাকমালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, জেলা প্রশাসক চীন সফর শেষে দেশে ফিরে এলে এ ব্যাপারে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপরই নেতারা ধর্মঘট প্রত্যাহার করে বন্দর সচল করার ঘোষণা দেওয়ায় আজ সকাল থেকে পুরোদমে কাজ শুরু হয়েছে।
স্থলবন্দরের অপারেটর প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্টের ব্যবস্থাপক (অপারেশন) আবু নূর খালিদ প্রথম আলোকে জানান, ব্যবসায়ী, ট্রাকমালিক ও শ্রমিক সংগঠনের নেতারা ধর্মঘট প্রত্যাহার করায় সকাল থেকে শ্রমিকেরা পুরোদমে কাজ শুরু করেছেন। স্থলবন্দরে পণ্য খালাসের কাজ চলছে।
টেকনাফ স্থলবন্দরের শুল্ক তত্ত্বাবধায়ক (কাস্টমস সুপার) নূরে আলম জানান, ধর্মঘটের কারণে পাঁচ দিন ধরে দৈনিক গড়ে ৩৫ লাখ টাকার বেশি রাজস্ব আদায় ক্ষতিগ্রস্ত হয়েছে।