পাঁচ দিন পরও খোঁজ মেলেনি দুই ছাত্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সেন্ট মার্টিনে সাগরে নেমে নিখোঁজ হওয়া ঢাকার আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র সাব্বির হাসান ও ইশতিয়াক বিন মাহমুদের সন্ধান পাঁচ দিন পরও মেলেনি। গত কয়েক দিনের মতো গতকাল শুক্রবারও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁদের খোঁজে সাগরে তল্লাশি চালানো হয়।
সেন্ট মার্টিন কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লে. শহিদ আল আহসান প্রথম আলোকে জানান, নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারের জন্য কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসন বিভিন্নভাবে সেন্ট মার্টিন দ্বীপের চারদিকে তল্লাশি চালিয়েছে। নৌবাহিনীর জাহাজ বিএন শাপলাও গভীর সাগরে ১০-১২ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়েছে।
কোস্টগার্ড স্টেশনের কমান্ডার জানান, টেকনাফ ও সেন্ট মার্টিন থেকে সাগরের দিকে যাওয়া মাছ ধরার নৌকাগুলোকে সাগরে ভাসমান কিছু দেখলে কোস্টগার্ডকে খবর দিতে বলা হচ্ছে। কিন্তু এখনো খোঁজ পাওয়া যায়নি।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন জানান, শুক্রবারও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় প্রশাসন ও ফিশিং বোট মালিক সমিতির লোকজনও নিখোঁজ ছাত্রদের সন্ধানে তৎপরতা চালায়।
গত সোমবার বেলা দুইটার দিকে সেন্ট মার্টিনে সাগরে গোসল করতে নেমে ওই বিশ্ববিদ্যালয়ের নয়জন ছাত্র স্রোতের টানে ভেসে যাওয়ার সময় পাঁচজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। বাকি চারজন নিখোঁজ হন। উদ্ধার করা পাঁচজনকে হাসপাতালে নেওয়ার পথে মানফেজুল ইসলাম ও সাদ্দাম হোসেন মারা যান। নিখোঁজ চারজনের মধ্যে শাহরিয়ার ইসলাম নোমান এবং এস এম গোলাম রহিম বাপ্পীর লাশ বুধবার সেন্ট মার্টিন থেকে উদ্ধার করেন কোস্টগার্ডের সদস্যরা। তাঁদের লাশ টেকনাফ থানা-পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সেন্ট মার্টিন জেটির টোল আদায়কারী মো. জাহাঙ্গীর আলম বলেন, সোমবারের দুর্ঘটনাস্থল প্রিন্স হ্যাভেন পয়েন্টে বৃহস্পতিবার থেকে চারটি লাল পতাকা পুঁতে রাখা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মুজাহিদউদ্দিন বলেন, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে হ্যাভেন পয়েন্ট এলাকায়। ওই এলাকাকে বিপজ্জনক হিসেবে ঘোষণা এবং সেখানে যেন কোনো পর্যটক নামতে না পারে সেই নির্দেশনা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।
সংশোধনী: গতকাল প্রথম আলোর শেষ পাতায় ‘দুঃসহ অপেক্ষায় দুই পরিবার’ শিরোনামে প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদনে সাব্বির হাসানের বাবার নাম হাসানুর রহমান ছাপা হলেও ছবির ক্যাপশনে তাঁর নাম ভুলবশত মনোয়ার হাসান ছাপা হয়েছে। আসলে তাঁর নাম হাসানুর রহমান।