পাঁচ দিন পরও গ্রেপ্তার হয়নি মূল আসামিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিন পেরিয়ে গেলেও ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতা আবদুল মান্নানের হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনেও কোনো অগ্রগতি নেই। তাই মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। হত্যাকারীরা প্রভাবশালী হওয়ায় মামলার বাদীসহ স্বজনেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

১১ জুলাই রাতে ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিরহাট এলাকায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত হন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক আবদুল মান্নান। সদর উপজেলা যুবলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক সজীব দত্তসহ কয়েকজন এ ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠে।

হত্যাকাণ্ডের পর গতকাল রোববার পাঁচ দিন পেরিয়ে গেছে। তবে এখনো হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ঠাকুরগাঁও থানার পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মান্নানের বড় ভাই আবু আলী ঠাকুরগাঁও সদর থানায় গত বৃহস্পতিবার একটি হত্যা মামলা করেন। এতে সজীব দত্ত এবং পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মারুফ আলী ওরফে শান্তর (৩৬) নাম উল্লেখসহ অজ্ঞাত তিন-চারজনকে আসামি করা হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আসামি সজীব দত্তের বড় ভাই দেবাংশু দত্ত এবং মারুফ আলীর বড় ভাই রতনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এজাহারভুক্ত কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

তবে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, মূল আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ গতকালও সজীব দত্তের বাড়িতে অভিযান চালায়। এ সময় কাউকে পাওয়া যায়নি। তবে ১১০টি ইয়াবা বড়ি ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা করেছে পুলিশ।

১১ জুলাই মধ্যরাতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মান্নানের লাশ পরিদর্শনে গিয়ে জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেছিলেন, ‘কারা এ ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে আমরা সুস্পষ্ট বক্তব্য পেয়েছি। এ হত্যাকাণ্ডের ক্লু উন্মোচিত হওয়ার কারণে আসামিদের আইনের আওতায় আনা সহজ হবে। আসামিরা যেন সীমান্ত অতিক্রম করে পালিয়ে যেতে না পারে, সে জন্য সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।’ তবে পুলিশ সুপার গতকাল বলেন, তদন্তাধীন বিষয় হওয়ায় এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না।’ মূল আসামিরা ধরা না পড়লেও বিষয়টিকে নেতিবাচকভাবে দেখা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।

মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে গত বুধবার শহরের স্টেশন সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে সেখানে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। এ ছাড়া বৃহস্পতিবার জেলা স্বেচ্ছাসেবক লীগ আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ করে।

জাহাঙ্গীর আলম নামে একজন স্থানীয় বাসিন্দা বলেন, পুলিশ চাইলেই সবকিছু করতে পারে। এ বর্বরোচিত হত্যাকাণ্ডের হোতারা দ্রুত গ্রেপ্তার না হলে আসামি গ্রেপ্তারে পুলিশের আন্তরিকতার অভাব রয়েছে বলে প্রশ্ন উঠবে।

শহরের মুন্সিরহাট এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিগারেট খাওয়া নিয়ে গন্ডগোলের জেরে মান্নান খুন হয়েছেন বলে প্রচার পেয়েছে। কিন্তু বাস্তবে এ হত্যাকাণ্ডের নেপথ্যে বড় কোনো কারণ রয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারলে সেটি বের হয়ে আসত।

এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের শীর্ষ এক নেতার স্বজন হওয়ার সুযোগ নিয়ে সজীব দত্ত দুর্ধর্ষ হয়ে ওঠেন। একসময় টেন্ডারবাজি, জমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসার সিন্ডিকেটসহ শহরের নানা অপকর্মের নেতৃত্ব দিতে শুরু করেন তিনি। আওয়ামী লীগের শীর্ষ ওই নেতার হস্তক্ষেপে তিনি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদও পেয়ে যান। তাঁর বড় ভাই দেবাশীষ দত্তও পেয়ে যান জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের পদ। মান্নান হত্যাকাণ্ড ছাড়াও সজীবের বিরুদ্ধে তিন-চারজনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে।

মামলার বাদী নিহত মান্নানের বড় ভাই আবু আলী বলেন, ‘পাঁচ দিন অতিবাহিত হলেও পুলিশসহ তদন্তকারী গোয়েন্দা সংস্থা মূল খুনিদের গ্রেপ্তার করতে পারল না। এতে আমরা হতাশ ও চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। চরম উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের লোকজন।’

ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু. সাদেক কুরাইশী বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে পুলিশকে আমরা চাপ দিয়ে যাচ্ছি। কিন্তু পুলিশ এখনো তাদের গ্রেপ্তার করতে পারছে না।’

শনিবার বিকেলে শহরের ইসলামনগর এলাকায় মান্নানের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের খোঁজখবর নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন। এ সময় তিনি মান্নানের স্ত্রী জেসমিন আক্তারকে চাকরি দেওয়ার আশ্বাস দেন। সাংসদ বলেন, আবদুল মান্নানের খুনের ঘটনায় কেউ ছাড় পাবে না। দোষী ব্যক্তি যেই হোক, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তি দেওয়া হবে।