মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের কাওড়াকান্দি নৌপথে পাঁচ দিন ফেরি চলাচল বন্ধ থাকবে। নাব্যতা সংকটের কারণে এ নৌপথে প্রায়ই নদীর ডুবোচরে ফেরি আটকে থাকত। নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পদ্মা নদীর তিনটি স্থানে খননকাজ শুরু করেছে। এ কারণে গতকাল শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।
বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ সূত্র জানায়, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে কয়েকটি স্থানে ডুবোচরের সৃষ্টি হয়েছে। দুই মাস যাবৎ প্রায়ই নদীতে ডুবোচরে ফেরি আটকে থাকত। পদ্মায় স্রোত ও ঢেউয়ের কারণে এত দিন ডুবোচর খনন করার উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। এ নৌপথ দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ ঢাকায় যাতায়াত করে। ১৮টি ফেরি দিয়ে এ পথের যাত্রী ও পণ্যবাহী গাড়ি পারাপার করা হতো। নাব্যতা সংকটের কারণে গত ২০ আগস্ট থেকে এ নৌপথে মাত্র তিনটি ফেরি চলাচল করছিল। এ কারণে দুই ঘাটে শত শত গাড়ি আটকে থাকত। ঈদের আগে নৌপথটিকে স্বাভাবিক করতে মুন্সিগঞ্জের শিমুলিয়া, লৌহজং টার্নিং ও মাগুরখন্ড চ্যানেলে খননকাজ করার সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিএ। এ এলাকায় আটটি খননযন্ত্র দিয়ে শুক্রবার থেকে খননকাজ শুরু করা হয়।
গতকাল সকালে মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ঘাটে গিয়ে দেখা যায়, ঘাটে কয়েক শ পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে। যাত্রীবাহী গাড়িগুলো ঘুরে আরিচা-দৌলতদিয়া নৌপথ দিয়ে পার হওয়ার জন্য চলে যাচ্ছে। কিছু পণ্যবাহী ট্রাক শরীয়তপুর-চাঁদপুর নৌপথ দিয়ে পার হতে চলে যাচ্ছে। ফেরির যাত্রীরা লঞ্চ ও স্পিডবোট দিয়ে নৌপথ পারাপার হচ্ছে।
বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী সুলতান হোসেন বলেন, ‘আটটি খননযন্ত্র দিয়ে কাজ করা হচ্ছে। ১৬-১৭ সেপ্টেম্বরের মধ্যে লৌহজং টার্নিং চ্যানেলে খননকাজ শেষ করে ফেরি চলাচলের উপযোগী করতে পারব। এখন ফেরি বন্ধ না রেখে খননযন্ত্রগুলোকে নিরাপদ রেখে ফেরি চালাতে পারে। এ ছাড়া পালেরচর ঘুরেও ফেরি চলাচল করতে পারে।’
বিআইডব্লিউটিসির মাওয়া নৌবন্দরের উপমহাব্যবস্থাপক আশিকুর রহমান বলেন, গত বৃহস্পতিবার বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা নৌপথটি পরিদর্শনের পর খননকাজের জন্য ফেরি চলাচল পাঁচ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পালেরচর চ্যানেল দিয়ে ৩০ কিলোমিটার ঘুরে ফেরি চালানো যায়। এতে যাত্রীদের হয়রানি হবে, তাই খননকাজ চলাকালীন পাঁচ দিন ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় এ নৌপথের যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়িগুলোকে বিকল্প পথে চলাচল করতে হবে।