সিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কে বিদ্যুৎ সরবরাহ লাইনের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হওয়ায় পাঁচ দিন ধরে এলাকাটি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। ফলে পার্কের খাঁচায় থাকা পশুপাখির জন্য পানি সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। এ ছাড়া ইকোপার্কের নিরাপত্তাব্যবস্থাও ঝুঁকির মধ্যে পড়েছে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তের কেপিআই এলাকা-সংলগ্ন ইকোপার্ক ও সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা গেছে, ১৯ অক্টোবর মধ্যরাতে পার্কের প্রবেশপথের বাইরে সেতুর টোল প্লাজার কাছে স্থাপন করা তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। এরপর থেকে ইকোপার্ক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে পার্কের পানির মোটর চালাতে না পারায় পশুপাখির জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। তা ছাড়া বিদ্যুতের অভাবে রাতের বেলায় পার্ক এলাকায় ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। এতে পার্কের নিরাপত্তাব্যবস্থাও ঝুঁকির মধ্যে পড়েছে।
কেপিআই-সংলগ্ন সয়দাবাদ পুনর্বাসন এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, কেপিআই এলাকা দিয়ে রাত-দিন অসংখ্য যানবাহন চলাচল করে। সর্বক্ষণ নিরাপত্তাকর্মী থাকেন। তা ছাড়া পাশেই রয়েছে থানা ও পুলিশের টহল। তারপরও তিনটি ট্রান্সফরমার চুরি যাওয়ার ঘটনা দুঃখজনক ও বিস্ময়কর।
ইকোপার্কের বন কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, ট্রান্সফরমার তিনটি পার্কের সীমানার বাইরে হওয়ায় তাঁদের পক্ষে পাহারা দিয়ে রাখা সম্ভব হয়নি। ট্রান্সফরমার চুরির ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক ও বিভাগীয় বন কর্মকর্তাকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। বর্তমানে নলকূপের পানি দিয়ে কোনো রকমে পশুপাখিগুলো বাঁচিয়ে রাখা হয়েছে।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি হেলাল উদ্দিন বলেন, চুরির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িত লোকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
পাবনা বিভাগীয় বন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ট্রান্সফরমার পুনঃস্থাপন বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের সঙ্গে আলোচনা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির নিয়মানুযায়ী চুরি যাওয়া ট্রান্সফরমারের মূল্য পরিশোধ করতে হবে। তিনটি ট্রান্সফরমার বাবদ লক্ষাধিক টাকার প্রয়োজন, যা বন বিভাগের বাজেটে নেই। বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক আজাহার আলী বলেন, নিয়ম অনুয়ায়ী যাদের ট্রান্সফরমার বরাদ্দ দেওয়া হয়, কোনো কারণে সেটি চুরি হলে সংশ্লিষ্ট লোকজন কিংবা সেই প্রতিষ্ঠানকে মূল্য বাবদ প্রথম দফায় অর্ধেক টাকা পরিশোধ করতে হবে। বন বিভাগ থেকে টাকা পাওয়া গেলেই নতুন ট্রান্সফরমার স্থাপনের ব্যবস্থা করা হবে।