পাঁচ দিন বিদ্যুৎহীন সাতকানিয়ার অনেক এলাকা
চট্টগ্রামের সাতকানিয়ার বিভিন্ন এলাকায় পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই। উপজেলার ১৭টি ইউনিয়নের প্রায় ৪৬ হাজার গ্রাহকের মধ্যে ২০ হাজার গ্রাহক এখনো অন্ধকারে রয়েছে। ইউনিয়নগুলোতে পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সরবরাহ করে থাকে।
গত মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড় মোরার আঘাতে উপজেলার বিভিন্ন এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। ওই দিন থেকে বিদ্যুৎ বিহীন থাকায় স্থানীয় বাসিন্দাসহ ব্যবসায়ীরা দুর্ভোগ পোহাচ্ছেন। উপজেলার বাজালিয়া ইউনিয়নের পূর্ব বাজালিয়া গ্রামের বাকর আলী বিল এলাকার বাসিন্দা স্কুলশিক্ষিকা অনিমা রানি বড়ুয়া বলেন, বিদ্যুৎ না থাকায় ফ্রিজে সংরক্ষিত মাছ-মাংস সব নষ্ট হয়ে গেছে। স্থানীয় লোকজন বিদ্যুৎ সংযোগ চালুর জন্য পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে যোগাযোগ করেও কোনো ফল পাচ্ছেন না।
উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজারের ব্যবসায়ী মনির আহমদ জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা সব আইসক্রিম নষ্ট হয়ে গেছে। এতে তাঁর প্রায় ১২ হাজার টাকার ক্ষতি হয়েছে।
সাতকানিয়া পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্র জানায়, গত মঙ্গলবার ঘূর্ণিঝড় মোরার আঘাতে উপজেলার বিভিন্ন স্থানে ৩৪টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। হেলে পড়েছে প্রায় দেড় শতাধিক খুঁটি। গাছ পড়ে অর্ধশতাধিক ট্রান্সফরমার নষ্ট ও প্রায় এক হাজার ২০০ স্থানে তার ছিঁড়ে গেছে। অসংখ্য গ্রাহকের মিটারও নষ্ট হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি-১, সাতকানিয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আকমল হোসেন প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় মোরার আঘাতে সাতকানিয়ায় বিদ্যুৎ সরবরাহ লাইন প্রায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৪৬ হাজার গ্রাহকের মধ্যে ২০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন আছেন। পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনসহ ঠিকাদারের নিয়োজিত কর্মীরা বিদ্যুৎ সংযোগ চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামী এক সপ্তাহের মধ্যে পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হবে বলে জানান তিনি।
এদিকে সাতকানিয়া পৌরসভার চৌধুরী পুকুরপাড়, ছগিরাপাড়াসহ বিভিন্ন এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এসব এলাকার দায়িত্বে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। বিউবোর সাতকানিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী গোলাম সারোয়ার প্রথম আলোকে বলেন, শনিবারের মধ্যে এলাকার বিদ্যুৎ সংযোগ চালু হয়ে যাবে।