পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার থেকে পাঁচ দিনব্যাপী আন্তবিশ্ববিদ্যালয় তথ্যপ্রযুক্তি (আইটি) মেলা শুরু হয়েছে। সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।
উদ্বোধনী বক্তব্যে ইয়াফেস ওসমান বলেন, তথ্যপ্রযুক্তি আমাদের চিন্তা-চেতনা, ভাবনা ও মননে আমূল পরিবর্তন এনে দিয়েছে। জ্ঞান-বিজ্ঞানের উন্নয়ন সাধনে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগাতে হবে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দেশের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, কৃষিসহ সব ক্ষেত্রে উন্নয়ন করতে হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ এখন তথ্যপ্রযুক্তির সাগরে ভাসছে। বিশ্বের দরবারে ইতিমধ্যে বাংলাদেশ জায়গা করে নিয়েছে। শিগগিরই এ দেশ আইটি জগতের নেতৃত্ব দেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল-নকীব চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন পাবনা জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক, নারী শিল্পোদ্যোক্তা ও ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইসলু নোমান।
মেলায় সফটওয়ার ডেভেলপমেন্ট, প্রোগ্রাম কনটেস্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, গণিত ও গেমিং কনটেস্টসহ বিভিন্ন প্রযুক্তি উপস্থাপনের জন্য প্রায় ৪০টি স্টল রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এ মেলায় সহযোগিতা করছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, ইউনির্ভাসাল গ্রুপ ও রানা প্রোপাটিজ লিমিটেড।