পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব শুরু
ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর আয়োজনে ‘অদম্য চট্টগ্রাম’ উৎসবের অংশ হিসেবে পাঁচ দিনব্যাপী নাট্য উৎসব শুরু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউটে নাট্য উৎসবের উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী ও থিয়েটার ইনস্টিটিউটে একযোগে এই নাট্য উৎসব ৪ এপ্রিল পর্যন্ত চলবে। উৎসবে নয়টি নাট্যদল মোট ১০টি নাটক মঞ্চস্থ করবে।গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে রামেন্দু মজুমদার বলেন, ‘চট্টগ্রামের একদিকে সৌন্দর্য, আরেক দিকে সাহস। এ উৎসবের আয়োজন চট্টগ্রামের প্রতি নতুনভাবে আমাদের দৃষ্টি ফিরিয়েছে। চট্টগ্রামের সম্ভাবনা এখনো আমরা পুরোপুরি বিকশিত করতে পারিনি। এ জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও সবার সহযোগিতা।’ চট্টগ্রামের নাট্যচর্চা বিষয়ে তিনি বলেন, ‘চট্টগ্রামে অনেক নাটকের দল গঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে এবং দেশের বাইরে তাদের প্রযোজনা প্রশংসিত হয়েছে। চট্টগ্রামের স্থানীয় উপাদান ও ঐতিহ্য নাটকে শিল্পরূপ পেতে পারে। কিন্তু কাজটি এখনো সেভাবে হয়ে ওঠেনি।’ অনুষ্ঠানে প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন বলেন, ‘সমুদ্র, নদী, পাহাড়, বন ও হ্রদ—প্রকৃতির এ পাঁচ উপাদানের সমাহার খুব কম নগরেই দেখা যায়। চট্টগ্রামে এর সবই আছে। ঠিক তেমনি চট্টগ্রামের জীবনযাত্রায় নানা রকম বৈচিত্র্য ও নাটকীয়তাও আছে। এ নাটকীয়তা নাটকের মাধ্যমে তুলে ধরার সুযোগ আছে।’ শুভেচ্ছা বক্তব্যে ডেইলি স্টার-এর চট্টগ্রাম ব্যুরো চিফ রইসুল হক বলেন, ‘স্বাধীনতাসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ যা কিছু অর্জন করেছে তার মধ্যে অন্যতম দীপ্তিময় অর্জন বাংলা নাটক। বাংলাদেশের নাটক পশ্চিমবঙ্গের বাংলা নাটকের চেয়ে অনেক এগিয়ে।’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শঙ্কর দে, অপু বর্মণ, পুষণ দে ও নিলীমা বিশ্বাস। কবিতা আবৃত্তি করেন ইন্দিরা চৌধুরী। অনুষ্ঠানে শিল্পী শুভ্রা সেন গুপ্তের পরিচালনায় নৃত্য পরিবেশন করে স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্সের শিল্পীরা। নাট্য উৎসবের প্রথম দিনে গতকাল সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউটে মঞ্চস্থ হয় তির্যক নাট্যদলের নাটক মধুমালা। এখানে আজ ১ এপ্রিল নান্দিকারের নাটক পাপপুণ্য, ২ এপ্রিল লোক থিয়েটারের একটি অবাস্তব গল্প, ৩ এপ্রিল মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়ের বিয়ে এবং ৪ এপ্রিল কথক নাট্য সম্প্রদায়ের অতি সাধারণ চিকিৎসক মঞ্চস্থ হবে। পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমী মিলনায়তনে আজ ১ এপ্রিল অরিন্দম নাট্য সম্প্রদায়ের জলকন্যা, ২ এপ্রিল উত্তরাধিকারের মৃত্যু পাখী, ৩ এপ্রিল তির্যক নাট্যগোষ্ঠীর নন্দনপুরের মেলায় একজন কমলা সুন্দরী ও একটি বাঘ আসছে এবং ৪ এপ্রিল গণায়ন নাট্য সম্প্রদায়ের নাটক মুক্তধারা মঞ্চায়িত হবে। প্রতিদিন সন্ধ্যা সাতটায় নাটকগুলো মঞ্চস্থ হবে।