পাঁচ দিনমজুরের ঘর পুড়ে ছাই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার চকখানপুর গ্রামে পাঁচ দিনমজুর পরিবারের ছয়টি বসতঘর আগুনে পুড়ে গেছে। অগ্নিদগ্ধ হয়ে এক পরিবারের একটি শিশু মারা গেছে। ওই পরিবারেরই আরও দুজন দগ্ধ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।গত মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া শিশুটির নাম হামিদা খাতুন (৮)। সে দিনমজুর হামিদুল ইসলামের মেয়ে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন হামিদুলের স্ত্রী শিরিনা বেগম (৩০) ও তাঁর তিন বছরের মেয়ে ইছমত আরা। শিরিনা বেগম জানান, ওই সময় তিনি দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। আগুন দেখে এক মেয়েকে নিয়ে ঘর থেকে বের হতে পারলেও হামিদাকে বের করতে পারেননি। আগুনে হামিদুল ছাড়াও সাজেদুল ইসলাম, জাহেদুল ইসলাম, আসাদুল ইসলাম ও সোহরাব হোসেনের পরিবারের ক্ষতি হয়েছে। প্রত্যেকের টিনের ঘর পুড়ে গেছে। শেরপুর ফায়ার ব্রিগেডের সদস্য আলতাব হোসেন বলেন, বাড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। পাশাপাশি বাড়ি হওয়ায় বসতঘরগুলোতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।