পাঁচ দিনে আ.লীগের আয় সাড়ে পাঁচ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার সময় ১৭ নভেম্বর রোববার পর্যন্ত বাড়ানো হয়েছে।মনোনয়ন ফরম বিক্রি করে পাঁচ দিন শেষে দলীয় কোষাগারে জমা পড়েছে পাঁচ কোটি ৫৮ লাখ ২৫ হাজার টাকা।

১৮ দলের ৮৪ ঘণ্টার হরতালের পর আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের ছিল উপচে পড়া ভিড়।ঢোল-তবলা বাজিয়ে বিশাল শোডাউন নিয়ে মনোনয়ন ফরম কিনতে আসেন দলটির নেতারা।তবে আগামীকাল শুক্রবার পবিত্র আশুরা উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রি ও জমা কার্যক্রম বন্ধ থাকবে।

দলটির দেওয়া তথ্য মতে, ঢাকা বিভাগে ১৭৯, রংপুর বিভাগে ৩০, রাজশাহী বিভাগে ৫২, সিলেট বিভাগে ২৩, চট্টগ্রাম বিভাগে ৮৪, বরিশাল বিভাগে ৫০ ও খুলনা বিভাগে ৪৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।পঞ্চম দিনে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৪৬৪টি।আর এ বাবদ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডে জমা পড়েছে এক কোটি ১৬ লাখ টাকা।পঞ্চম দিন শেষে মোট দুই হাজার ২৩৩টি মনোনয়ন ফরম বিক্রি হয়।এতে আয় হয়েছে পাঁচ কোটি ৫৮ লাখ ২৫ হাজার টাকা।

এদিকে আগামীকাল শুক্রবার পবিত্র আশুরা হওয়ায় ১৭ নভেম্বর রোববার পর্যন্ত দলটির মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার সময় বাড়ানো হয়েছে।এর আগে মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত ছিল ১৬ নভেম্বর।

স্পিকারের মনোনয়ন ফরম ক্রয় 

সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, রংপুর-৩ থেকে চৌধুরী খালেকুজ্জামান, ভোলা-১ থেকে তোফায়েল আহমেদ, ফেনী-২ আসনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, নোয়াখালী-১ আসনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী,  কুষ্টিয়া-১ ও ৩ আসনে মাহবুব উল আলম হানিফ, চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী, পটুয়াখালী-১ আসনে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, পটুয়াখালী-৪ আসনে পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, শরীয়তপুর-৩ থেকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পারভীন হক সিকদার, গাজীপুর-৪ থেকে সিমিন হোসেন রিমি, চট্টগ্রাম-৬ আসনে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, কুড়িগ্রাম-১ আসনে ব্যবসায়ী গোলাম মোস্তফা, হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রয়াত নেতা দেওয়ান ফরিদ গাজীর ছেলে শাহনেওয়াজ গাজী, যশোর-১ আসনে সাংসদ শেখ আফিল উদ্দিন, নেত্রকোনা-৫ আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ময়মনসিংহ-২ আসনে ফুলপুর উপজেলার চেয়ারম্যান আতাউল করিম রাসেল, কুমিল্লা-১ আসনে আবদুস সবুর, মানিকগঞ্জের ঘিওর থেকে নাইমুর রহমান দুর্জয়, কুমিল্লা-১ থেকে বাদল রায় পঞ্চম দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেন।এ ছাড়া রাজশাহী-১ ও ৩ আসনে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।