পাঁচ দিনে ক্ষতি ২২ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌযানশ্রমিকদের কর্মবিরতির কারণে গত পাঁচ দিনে আমদানি পণ্যবাহী ছোট-বড় জাহাজে কাজ বন্ধ ছিল। কিন্তু পণ্য খালাস না হলেও আমদানিকারক ও জাহাজ পরিচালনাকারীদের ক্ষতির মুখে পড়তে হয়েছে। তাঁদের হিসাবে এই ক্ষতির পরিমাণ প্রায় ২২ কোটি টাকা।
মজুরি বাড়ানো দাবিতে ডাকা কর্মবিরতি গত শনিবার মধ্যরাতে প্রত্যাহার করে নৌশ্রমিক সংগ্রাম পরিষদ। রাজধানীর মতিঝিলের শ্রম ভবনে সরকার, মালিক-শ্রমিকদের ত্রিপক্ষীয় বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের এ সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারের পর গতকাল রোববার দুপুর থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য স্থানান্তর শুরু হয়েছে। তবে কর্ণফুলী নদীর ঘাটগুলোতে সকাল আটটা থেকে পণ্য খালাস শুরু হয়।
বন্দর সূত্র জানায়, কর্মবিরতির প্রথম দিন গত মঙ্গলবার বন্দরে আমদানি পণ্য নিয়ে আসা ৩৫টি বড় জাহাজে কোনো কাজ হয়নি। গত শনিবার পর্যন্ত জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫২-তে। জাহাজের ধারণক্ষমতাভেদে প্রতিদিনের জন্য প্রতিটি জাহাজের ভাড়া ন্যূনতম ৮ হাজার ডলার থেকে শুরু করে ১৫ হাজার ডলার পর্যন্ত।
পাঁচ দিনে গড়ে ৪০টি জাহাজের পরিচালন ব্যয় হিসাব করে শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক মামুনুর রশীদ গতকাল প্রথম আলোকে বলেন, কর্মবিরতির কারণে পাঁচ দিনে আনুমানিক ১৬ কোটি টাকা ক্ষতিপূরণ গুনতে হবে জাহাজ পরিচালনাকারীকে।
লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল সূত্র জানায়, বড় জাহাজ ছাড়াও পণ্যবাহী লাইটার জাহাজগুলোও কর্মবিরতির কারণে অলস বসে ছিল। ওয়াটার ট্রান্সপোর্ট সেলের হিসাবে, শুধু বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য নিয়ে কর্ণফুলী নদীতে এবং সারা দেশের ঘাটগুলোতে অলস বসে ছিল ৭০৬টি লাইটার জাহাজ। এর বাইরে পণ্য পরিবহনের অপেক্ষায় ছিল ১৫৪টি জাহাজ। এ ধরনের জাহাজের প্রতিদিনের খরচ ১৫ হাজার টাকা। এ হিসাবে পাঁচ দিনে লাইটার জাহাজ পরিচালনায় ক্ষতি হয়েছে সাড়ে ছয় কোটি টাকা।
ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশীদ গতকাল প্রথম আলোকে বলেন, আর্থিক ক্ষতির এই হিসাব আংশিক। কারণ সারা দেশে অন্তত চার হাজার ছোট জাহাজে কাজ না হওয়ায় কমবেশি ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি লাইটার জাহাজ মালিকদের। কারণ, নৌযানশ্রমিক কর্মবিরতিতে লাইটার জাহাজ মালিকদের ক্ষতিপূরণ গুনতে হয়। আমদানিকারকদের দিতে হয় না।
এ বিষয়ে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, জাহাজ অলস বসে থাকায় যে আর্থিক ক্ষতি হয়েছে, সেটি প্রাথমিকভাবে জাহাজ পরিচালনাকারী বা আমদানিকারকেরা পরিশোধ করলেও শেষ ধাপে ভোক্তাদেরই পরিশোধ করতে হবে। টাকার অঙ্কে ক্ষতির চেয়ে পণ্য পরিবহনব্যবস্থায় যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তার ক্ষতি অনেক বেশি বলে মন্তব্য করেন তিনি।