
পাঁচ মাসের অন্তঃসত্ত্বা পিংকী বেগম রাঙামাটি শহরের স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। তাঁর মা-বাবা পাহাড়ধসে
আহত হয়েছেন। মা এখনো হাসপাতালে। পাহাড়ধসে প্রাণ হারিয়েছেন পিংকীর ভাই মুজিবুর রহমান। বাবাসহ এখন পিংকী আশ্রয়কেন্দ্রে থাকছেন। গতকাল সোমবার তাঁর হাতে প্রথম আলো ট্রাস্টের দেওয়া ত্রাণসামগ্রী তুলে দেন বন্ধুসভার সদস্যরা।
টানা পঞ্চম দিনের মতো প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও বন্ধুসভার সহযোগিতায় গতকাল রাঙামাটির বিভিন্ন এলাকায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ২১০ পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। শহরের তবলছড়ি এলাকার অভিলাষ ক্রিকেট ক্লাবে ৭ পরিবারকে, তবলছড়ি স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ১৬, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯৬, ভেদভেদী পৌর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৫০ ও যুব উন্নয়ন কেন্দ্রের ৪১ পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়। যুব উন্নয়ন কেন্দ্রে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর রাঙামাটি জোনের কমান্ডার লে. কর্নেল রেদওয়ানুল ইসলাম।
প্রতিটি পরিবারকে দেওয়া ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ৩ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, ১ কেজি চিনি, ১ প্যাকেট বিস্কুট, ১০ প্যাকেট ওরস্যালাইন, ১টি শাড়ি, ১টি লুঙ্গি, ১টি থামি, ১টি চামচ, পাতিল, থালা ও ১টি গ্লাস এবং বিশুদ্ধ পানি।
এ নিয়ে গত ৫ দিনে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে মোট ৬৯৮ পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে।
গতকাল ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল, বন্ধুসভার জাতীয় পর্ষদের নির্বাহী সভাপতি হাসান মাহমুদ, চট্টগ্রাম বন্ধুসভার সাধারণ সম্পাদক জাকিয়া কবির, সদস্য রিজভী শাহরিয়ার, রাকিব রহমান, ফয়সাল চৌধুরী, নুরুদ্দিন আকবর এবং রাঙামাটি বন্ধুসভার সদস্য মারজানা চাকমা, জয়ন্তী চাকমা, প্রতাপ চাকমা, সৌরভ চাকমা প্রমুখ।
পাহাড়ধসে রাঙামাটির দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন আরও কয়েকজন। গতকাল প্রথম আলো ট্রাস্টের ব্যাংক হিসাবে জমা পড়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। সোহেল রানা নামের এক ব্যক্তি দিয়েছেন ১ হাজার টাকা, আরেকজন (নাম প্রকাশ করতে চাননি) দিয়েছেন ২ হাজার টাকা। এ পর্যন্ত তহবিলে জমা পড়েছে ৭ লাখ ৩৪ হাজার টাকা। দুর্গত মানুষের সহযোগিতায় দেশের যেকোনো প্রান্ত থেকে টাকা পাঠানো যাবে এই হিসাব নম্বরে (প্রথম আলো ট্রাস্ট ত্রাণ তহবিল, ব্যাংক হিসাব: ২০৭২০০১১১৯৪, ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা)।